চহলের ধূমপানের মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।
কিছু দিন আগেই সাজঘরে ধূমপান করে শাস্তি পেয়েছিলেন রিয়ান পরাগ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই অপরাধ করলেন যুজবেন্দ্র চহল। পঞ্জাব কিংসের বোলারকে বিমানের ভিতরে বসেই ই-সিগারেট খেতে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সমাজমাধ্যমে পোস্ট হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমানের জানলার ধারের আসনে বসে আছেন চহল। তাঁর পাশে শশাঙ্ক সিংহ। হাত দিয়ে আড়াল করে চহলকে দেখা গিয়েছে মুখে কিছু ঠেকিয়ে টানতে। প্রায় সঙ্গে সঙ্গে কেশে ফেলেন তিনি। সেই সময় তাঁর মুখ দিয়ে কিছুটা ধোঁয়া বেরিয়ে আসতেও দেখা গিয়েছে। প্রসঙ্গত, ভারতে ই-সিগারেট সেবন নিষিদ্ধ।
এই প্রথম বিতর্ক হচ্ছে না চহলকে নিয়ে। এ বছরের শুরুর দিকে গাড়ি চালাতে চালাতে চহলকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গিয়েছিল। ধূমপানের পর রাস্তায় সিগারেট ছুড়ে ফেলে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। তা নিয়ে সমাজমাধ্যমে হইচইও হয়েছিল।
উল্লেখ্য, কিছু দিন আগে চহল বলেছিলেন, “প্রায় ছ’মাস হয়ে গেল মদ্যপান ছেড়ে দিয়েছি। এখন আমার ৩৫ বছর। আরও বেশি সক্রিয় থাকতে চাই। দলের জন্য ১৫০ শতাংশ দিতে চাই। সিনিয়র ক্রিকেটার হিসাবে চাই আইপিএলের জুনিয়রেরা আমার থেকে কিছু শিখুক।”
পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারে ঘটনাটি ঘটেছিল। সেই সময়ে ক্যামেরা তাক করা হয়েছিল রাজস্থানের সাজঘরের দিকে। হাতে একটি যন্ত্র নিয়ে মুখের সামনে ধরেন রিয়ান। সেই সময়েই তাঁর সামনে এসে পড়েন যশস্বী জয়সওয়াল। তিনি সরে যেতে দেখা যায়, পরাগের মুখ থেকে ধোঁয়া বার হচ্ছে। মনে করা হচ্ছে, ই-সিগারেট জাতীয় কিছু সেবন করেছেন তিনি।
সাজঘর-সহ স্টেডিয়ামের আশেপাশের এলাকায় ধূমপান পুরোপুরি নিষিদ্ধ। কিছু নির্দিষ্ট এলাকায় গিয়ে ধূমপান করা যায়। বোর্ডের এক সূত্র আগেই বলেছিল, “ই-সিগারেট ভারতে নিষিদ্ধ হওয়ার নেপথ্যে কারণও রয়েছে। শরীরের ভেতরে কী কী উপাদান যাচ্ছে তা কেউ জানে না। খেলোয়াড়দের সুরক্ষার জন্য একেবারেই এই সিগারেট সেবন করা উচিত নয়।” পরাগের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নিয়েছিল বোর্ড।