IPL 2026

আইপিএলে হারের হ্যাটট্রিক লখনউয়ের, প্রিয়াংশ, কনোলির ব্যাটিংয়ে জিতে শীর্ষেই থাকল শ্রেয়সের পঞ্জাব

আইপিএলে থামানোই যাচ্ছে না পঞ্জাব কিংসকে। পাঁচটি ম্যাচ জিতে শীর্ষস্থান আরও মজবুত করল তারা। রবিবার ঘরের মাঠে হারিয়ে দিল লখনউকে। হারের হ্যাটট্রিক হল ঋষভ পন্থের দলের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ২৩:২৩
Share:

পঞ্জাবের ক্রিকেটারদের উচ্ছ্বাসের মুহূর্ত। ছবি: পিটিআই।

আইপিএলে থামানোই যাচ্ছে না পঞ্জাব কিংসকে। পাঁচটি ম্যাচ জিতে শীর্ষস্থান আরও মজবুত করল তারা। রবিবার ঘরের মাঠে হারিয়ে দিল লখনউকে। হারের হ্যাটট্রিক হল ঋষভ পন্থের দলের। গুজরাত, বেঙ্গালুরুর পর পঞ্জাবের কাছেও হারল তারা। এ দিন প্রথমে ব্যাট করে পঞ্জাব তোলে ২৫৪/৭। জবাবে লখনউ থেমে যায় ২০০/৫ স্কোরে। পঞ্জাবের প্রিয়াংশ আর্য এবং কুপার কনোলি শতরান হাতছাড়া করলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন।

Advertisement

টি-টোয়েন্টিতে এখনও ২৫৫ রান তাড়া করতে নামা কঠিন। শুরুতেই আগ্রাসী খেলার লক্ষ্যে ওপেনিংয়ে বদল এনেছিল লখনউ। মিচেল মার্শের সঙ্গে আয়ুষ বাদোনিকে নামিয়েছিল তারা। এডেন মার্করামকে রাখা হয়নি। সেই চাল কাজেও লেগেছিল। পাওয়ার প্লে-তে ৬১ রান উঠে যায়। তবে আস্কিং রেটের থেকে রানের গতি বেশি ছিল না।

বাদোনি (৩৫) ফেরার পর মার্শের সঙ্গে যোগ দেন পন্থ। ২৮ বলে ৪০ করে মার্শ ফেরার পরেই লখনউয়ের রানের গতি কমে যায়। এক দিকে পন্থ চালিয়ে খেললেও উল্টো দিকে সঙ্গ পাননি। নিকোলাস পুরান (৯) ব্যর্থ। একটি চার এবং চারটি ছক্কা মেরে ২৩ বলে ৪৩ করে ফেরেন পন্থও।

Advertisement

শেষ দিকে জুটি গড়ে দলকে টানার আপ্রাণ চেষ্টা করেন মার্করাম এবং মুকুল চৌধরি। কিন্তু লক্ষ্য এতটাই বড় ছিল যে শেষ রক্ষা হয়নি। মুকুলের ব্যাট থেকে ‘হেলিকপ্টার শট’ দেখা গিয়েছে। তবে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না। মার্করাম ৪২ রানে আউট হন। মুকুল ২১ এবং হিম্মত সিংহ ১ রানে অপরাজিত থাকেন।

ম্যাচের শুরুতে মনে হচ্ছিল রবিবার হয়তো রানের নজির হতে চলেছে। দিনের শেষে তা হয়নি। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ অধিনায়ক পন্থ। সেই সিদ্ধান্তে কাজে দেয় প্রথমেই। তৃতীয় বলেই প্রভসিমরন সিংহকে (০) ফিরিয়ে দেন মহম্মদ শামি। এর পর যা হল তার জন্য প্রস্তুত ছিল না লখনউ। প্রিয়াংশ এবং কনোলি মিলে ছিন্নভিন্ন করে দেন লখনউয়ের বোলিং।

Advertisement

দ্বিতীয় উইকেটে ৮১ বলে ১৮২ রানের জুটি গড়েন প্রিয়াংশ এবং কনোলি। দুই ব্যাটারের আগ্রাসী শটের সামনে দিশা খুঁজে পায়নি লখনউ। মাঠের এমন কোনও কোণ ছিল না যেখানে বল যায়নি। শুধু প্রিয়াংশ নন, কনোলিও শতরান করতে পারতেন। ৪৬ বলে ৮৭ রান করে আউট হন কনোলি। মারেন আটটি চার এবং সাতটি ছয়।

কিছু ক্ষণ পর ফিরে যান প্রিয়াংশ। চারটি চার এবং ন’টি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৯৩ করেন তিনি। মণিমরন সিদ্ধার্থের বলে আগ্রাসী শট খেলতে গিয়ে উইকেট হারান তিনি। পর পর দু’টি উইকেট হারানোর পর পঞ্জাবের রানের গতিও কমে যায়। শ্রেয়স আয়ার (৫) এবং নেহাল ওয়াধেরা (১৩) সাফল্য পাননি।

পঞ্জাব ২৫০ পেরোয় মার্কাস স্টোইনিস এবং শশাঙ্ক সিংহের সৌজন্যে। শেষ বেলায় দু’জনেই ঝড় তুলে দেন। সিদ্ধার্থ ৩ ওভার বল করে ৩৫ রানে ২ উইকেট নেন। শামি ৪ ওভারে ৫৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement