IPL 2026

খেলা চলাকালীন অশালীন কথা! ম্যাচ জিতলেও শাস্তি পেলেন কোহলিদের দলের কোচ

মাঠের মধ্যে অশালীন কথা বলে বা অঙ্গভঙ্গি করে শাস্তি পেতে দেখা যায় ক্রিকেটারদের। এ বার শাস্তি পেলেন বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১১:১৬
Share:

কোহলিদের সঙ্গে বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার (ডান দিক থেকে দ্বিতীয়)। ছবি: পিটিআই।

শাস্তি পেলেন অ্যান্ডি ফ্লাওয়ার। সাধারণত মাঠের মধ্যে অশালীন কথা বলে বা অঙ্গভঙ্গি করে শাস্তি পেতে দেখা যায় ক্রিকেটারদের। কিন্তু সেই কাজ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ। ফলে দল জিতলেও শাস্তি পেয়েছেন অ্যান্ডি।

Advertisement

আইপিএল একটি বিবৃতিতে বলেছে, “রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনি লেবেল ১ অপরাধ করেছেন। আইপিএলের নিয়মের ২.৩ ধারা ভেঙেছেন তিনি। ম্যাচের মাঝে অশালীন কথা বলেছেন অ্যান্ডি। ম্যাচ রেফারি অমিত শর্মা তাঁকে এই শাস্তি দিয়েছেন। অ্যান্ডি নিজের অপরাধ স্বীকার করেছেন।”

ঘটনাটি ঘটে ম্যাচের ১৭.২ ওভারের মাথায়। ক্রুণাল পাণ্ড্য ছক্কা মারার চেষ্টা করেন। সেই বল বাউন্ডারির কাছে ধরেন নমন ধীর। কিন্তু তিনি শরীরের নিয়ন্ত্রণ রাখতে না পারায় বলটি কাছেই থাকা তিলক বর্মার দিকে দেন। তিলক তা ধরতে পারেননি। এ দিকে হ্যামস্ট্রিংয়ে টান ধরায় ক্রুণাল দৌড়েও রান নেননি। অথচ রান নেওয়ার যথেষ্ট সময় ছিল। ফলে সেটি ছক্কাও হয়নি, আউটও হয়নি, আবার রানও হয়নি।

Advertisement

এই ঘটনার পর অ্যান্ডি ম্যাচ রেফারির সঙ্গে উত্তেজিত ভঙ্গিতে কথা বলছিলেন। তাঁদের দাবি ছিল, ক্রুণাল ডেড বল ভেবে আর রান নেননি। ফলে সেটি ডেড বল ঘোষণা করা হোক। তা হলে একটি অতিরিক্ত বল পেত বেঙ্গালুরু। কিন্তু ম্যাচ রেফারি সেই দাবি শোনেননি। সেই সময়ই অশালীন কোনও কথা বলে ফেলেন অ্যান্ডি। তাই শাস্তি পেতে হল তাঁকে।

কোচ শাস্তি পেলেও ফর্মে ফিরেছে বেঙ্গালুরু। জোড়া হারের পর আবার জয়ে ফিরেছে তারা। শেষ বলে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে তাদের প্লে-অফের দৌড় থেকে ছিটকে দিয়েছে আরসিবি। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার সবচেয়ে উপরে গত বারের চ্যাম্পিয়নেরা। আরও এক বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন বিরাট কোহলিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement