ICC T20 World Cup 2026

অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা, বুধবার ইডেনে নিউ জ়িল্যান্ডের মুখোমুখি মার্করামেরা

এক মাত্র অপরাজিত দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। রবিবার সুপার এইট পর্বের শেষ ম্যাচে জ়িম্বাবোয়েকে হারালেন এডেন মার্করামেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৮:২৬
Share:

জয়ের উচ্ছ্বাস দক্ষিণ আফ্রিকার। ছবি: পিটিআই।

অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। টানা সাতটি ম্যাচ জিতলেন এডেন মার্করামেরা। রবিবার সুপার এইটের শেষ ম্যাচে জ়িম্বাবোয়েকে ৫ উইকেটে হারালেন তাঁরা। প্রথমে ব্যাট করে সিকন্দর রাজারা করেন ৭ উইকেটে ১৫৩। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৫৪। কাজে এল না রাজার অলরাউন্ড পারফরম্যান্স। আগামী বুধবার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

Advertisement

জয়ের জন্য ১৫৪ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভাল হয়নি। ১৪ রানে ২ উইকেট হারান মার্করামেরা। ওপেন করতে নেমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক করেন ৪। আবার ব্যর্থ কুইন্টন ডি কক (০)। পরিস্থিতি সামাল দেন তিন নম্বরে নামা রায়ান রিকলটন এবং চার নম্বরে নামা ডেওয়াল্ড ব্রেভিস। রিকলটন ৪টি ছয়ের সাহায্যে করেন ২২ বলে ৩১। ব্রেভিসের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ৪২ রান। ২টি চার এবং ৪টি ছয় মারেন তিনি। ২টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ডেভিড মিলার করেন ১৬ বলে ২২। শেষ পর্যন্ত ক্রিজ়ে থেকে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন জর্জ লিন্ডে এবং স্ট্রিস্টান স্টাবস। লিন্ডে ২১ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন। মারেন ২টি চার এবং ১টি ছয়। স্টাবসের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ২১ রানের অপরাজিত ইনিংস।

দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার রাজা ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন। তাঁর বল খেলতে বেশ সমস্যায় পড়েছেন প্রোটিয়া ব্যাটারেরা। এ ছাড়া ২২ রানে ১ উইকেট নিয়েছেন ব্র্যাড ইভান্স। ৩২ রানে ১ উইকেট ব্লেসিং মুজ়ারাবানির।

Advertisement

টস জিতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজা। প্রতিবেশী দেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারেননি জ়িম্বাবোয়ের ব্যাটারেরা। ২৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দেওয়া জ়িম্বাবোয়ে। দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি (৭) এবং ব্রায়ান বেনেট (১৫) দ্রুত আউট হয়ে যান। রান পাননি তিন নম্বরে নামা ডিয়ন মেয়ার্সও (১১)। চার নম্বরে নেমে দলের ইনিংসের হাল ধরেন অধিনায়ক রাজা। তিনি ২২ গজের এক দিকে লক্ষ্যে অবিচল থাকলেও অন্য দিকে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে জ়িম্বাবোয়ে। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি রায়ান বার্ল (৫), টনি মুনিয়ঙ্গাও (২)।

রাজাকে কিছুটা সঙ্গ দেন সাত নম্বরে নামা ক্লাইভ মাডান্ডে। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২০ বলে ২৬ রান করে। তবে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন রাজাই। ৪৩ বলে ৭৩ রান করেন জ়িম্বাবোয়ের অধিনায়ক। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার এবং ৪টি ছক্কা। আর কেউ ব্যাট হাতে বলার মতো কিছু করেননি।

Advertisement

দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার কোয়েনা মাফাকা ২১ রানে ২ উইকেট নিয়েছেন। ৪০ রানে ২ উইকেট করবিন বসের। ১টি করে উইকেট নেন লিন্ডে, লুঙ্গি এনগিডি এবং অনরিখ নোখিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement