The Hundred Women

৬২ লক্ষ টাকায় গোয়েন্‌কার দলে বাংলার রিচা, সঙ্গী মন্ধানা, দলই পেলেন না পাকিস্তানের ক্রিকেটারেরা

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে খেলতে চলেছেন রিচা ঘোষ। বাংলার ক্রিকেটারকে ৫০ হাজার পাউন্ড বা প্রায় ৬২ লক্ষ টাকা দিয়ে কিনেছে সঞ্জীব গোয়েন্‌কার অংশীদারিত্ব থাকা এই দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১২:৪২
Share:

বিশ্বকাপ হাতে রিচা ঘোষ। ছবি: সমাজমাধ্যম।

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে খেলতে চলেছেন রিচা ঘোষ। বাংলার ক্রিকেটারকে ৫০ হাজার পাউন্ড বা প্রায় ৬২ লক্ষ টাকা দিয়ে কিনেছে সঞ্জীব গোয়েন্‌কার অংশীদারিত্ব থাকা এই দল। রিচা সঙ্গী হিসাবে পেয়েছেন স্মৃতি মন্ধানাকে, যাঁর সঙ্গে ডব্লিউপিএলে খেলেন তিনি। তবে পাকিস্তানের কোনও ক্রিকেটার দল পাননি।

Advertisement

সম্প্রতি দ্বিতীয় বার মহিলাদের আইপিএল (ডব্লিউপিএল) জিতেছে আরসিবি। এটি তাদের দ্বিতীয় ট্রফি। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রিচা। সে কথা মনে রেখেই তাঁকে নিয়েছে ম্যাঞ্চেস্টার। মন্ধানার সঙ্গে তাঁর সমীকরণও ভাল। গত জানুয়ারিতে ম্যাঞ্চেস্টার সরাসরি সই করিয়েছিল মন্ধানাকে। ম্যাঞ্চেস্টারে এই দু’জনের সঙ্গে খেলবেন মেগ ল্যানিং, সোফি একলেস্টোনের মতো তারকারাও।

ভারতের আর এক ক্রিকেটার দীপ্তি শর্মাকে নিয়েছে সানরাইজার্স লিডস। তিনি ৩৪ লক্ষ টাকায় যোগ দিয়েছেন নতুন দলে। অতীতে লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন দীপ্তি। ফলে ‘দ্য হানড্রেড’-এ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অলরাউন্ডার হিসাবে নজর কাড়তে পারেন।

Advertisement

জেমাইমা রদ্রিগেজ় খেলবেন সাদার্ন ব্রেভের হয়ে। অতীতে তিনি লিডসের হয়ে খেলেছেন। তবে দল পাননি যস্তিকা ভাটিয়া, শ্রী চরণী। পাকিস্তানের কোনও মহিলা ক্রিকেটারকেও নেয়নি ‘দ্য হানড্রেড’-এর দলগুলি। বাঁ হাতি ব্যাটার মুনিবা আলি, জোরে বোলার ডায়ানা বেগ, বাঁ হাতি স্পিনার সাদিয়া ইকবাল এবং অধিনায়ক ফতিমা সানা নাম লিখিয়েছিলেন। প্রত্যেকের ন্যূনতম দাম ছিল ১৮.৫৩ লক্ষ টাকা। তবে কোনও ক্রিকেটারকেই নিতে আগ্রহ দেখায়নি কোনও দল।

উল্লেখ্য, ‘দ্য হানড্রেড’-এ বেশির ভাগ দলের মূল অংশীদার ভারতীয় মালিকেরা। কিছু দিন আগে শোনা গিয়েছিল তাঁরা পাকিস্তানের ক্রিকেটারদের দলে নেবেন না। তা নিয়ে প্রতিবাদও হয়েছে। পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের না নেওয়ার নেপথ্যে সেই যুক্তি কাজ করছে কি না, তা স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement