ঋষভ পন্থ। — ফাইল চিত্র।
পরের বছর এক দিনের বিশ্বকাপ। তবে ভারতীয় দলে ঋষভ পন্থকে দেখা যাবে কি না তা নিয়ে চলছে জল্পনা। পরিস্থিতি যা, তাতে এক দিনের দল থেকে পন্থের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। তাঁর জায়গায় দুই বিকল্প উইকেটকিপার ভেবে রেখেছে বোর্ড। ইংল্যান্ড সিরিজ়ের আগেই বিষয়টি চূড়ান্ত হতে পারে।
এখন এক দিনের দলে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে দেখা যায় কেএল রাহুলকে। ফলে নির্দিষ্ট করে উইকেটকিপার হিসাবে কেউ খেলেন না। জানুয়ারিতে নিউ জ়িল্যান্ড সিরিজ়ে পন্থকে বিকল্প উইকেটকিপার হিসাবে রাখা হয়েছিল। তবে সিরিজ়ের মাঝপথেই তিনি ছিটকে যান। নেওয়া হয় ধ্রুব জুরেলকে। ‘দৈনিক জাগরণ’-এর খবর অনুযায়ী, পন্থকে আর এক দিনের দলের জন্য ভাবছে না বোর্ড।
দুই বিকল্প ক্রিকেটারের একজন হলেন সঞ্জু স্যামসন। অপর জন জুরেল। এত দিন শুধু টি-টোয়েন্টি দলের জন্যই ভাবা হত স্যামসনকে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলের ফর্মের কথা মাথায় রেখে তাঁকে এক দিনের দলেও নেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা হচ্ছে। জুরেল এমনিই সাদা বলের ফরম্যাটে বিকল্প উইকেটকিপার হিসাবে বাকিদের থেকে এগিয়ে রয়েছেন।
এখনও পর্যন্ত ভারতের হয়ে ১৬টি এক দিনের ম্যাচ খেলেছেন সঞ্জু। একটি শতরান-সহ ৫১০ রান করেছেন। পরের বছর বিশ্বকাপের আগে ভারতের অন্তত ২০টি এক দিনের ম্যাচ খেলার কথা। এই ম্যাচগুলিতে যতটা বেশি সম্ভব সঞ্জুকে খেলিয়ে তৈরি রাখতে চাইছেন প্রধান নির্বাচক অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীর।