Padma Award

হরমনপ্রীতকে পদ্ম সম্মানে ভূষিত করলেন রাষ্ট্রপতি, অনুপস্থিত রোহিত! কেন সোমবার রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে গেলেন না শর্মা?

গত ২৬ জানুয়ারি পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। তালিকায় ছিল দুই ক্রিকেটারের নাম। হরমনপ্রীত কৌর এবং রোহিত শর্মাকে পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ২০:১০
Share:

(বাঁ দিকে) পদ্ম সম্মান হাতে হরমনপ্রীত কৌর এবং রোহিত শর্মা (ডান দিকে)। ছবি: পিটিআই।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হরমনপ্রীত কৌর-সহ বেশ কয়েক জনের হাতে সোমবার পদ্ম সম্মান তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অথচ রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল থেকে বিদায় নিলেও রোহিত সম্মান গ্রহণ করতে না যাওয়ায় বিস্মিত ক্রিকেটপ্রেমীদের একাংশ।

Advertisement

গত ২৬ জানুয়ারি পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। তালিকায় ছিল দুই ক্রিকেটারের নাম। ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত এবং ছেলেদের দলের প্রাক্তন অধিনায়ক রোহিতকে পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত করা হয়। সোমবার রাষ্ট্রপতি ভবনে বিভিন্ন ক্ষেত্রের মনোনীতদের সম্মানিত করেন রাষ্ট্রপতি মুর্মু। অনুষ্ঠানে হরমনপ্রীত উপস্থিত থাকলেও ছিলেন না রোহিত। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক কেন পদ্ম সম্মান নিতে গেলেন না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

হরমনপ্রীত কৌরের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি: পিটিআই।

পদ্ম সম্মান প্রদানের কোনও নির্দিষ্ট দিন নেই। একাধিক দিনে সম্মান দেওয়া হয়। প্রাপকেরা সুবিধা মতো দিন পছন্দ করে নিতে পারেন। সামনেই মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দল প্রস্তুতির জন্য ইংল্যান্ডে চলে গিয়েছে। তবে হরমনপ্রীত দলের সঙ্গে যাননি। তিনি পদ্ম সম্মান গ্রহণের জন্য দেশে থেকে গিয়েছেন। সে কারণে সম্মান গ্রহণের দিন হিসাবে তিনি ২৫ মে বেছে নেন। এর পর তিনি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন।

Advertisement

অন্য দিকে, আইপিএলে ব্যস্ত রোহিত। রবিবার লিগ পর্বের শেষ ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। হার্দিক পাণ্ডেরা প্লেঅফে উঠতে পারলে আরও কয়েক দিন আইপিএলে ব্যস্ত থাকতে হত রোহিতকে। এর মধ্যে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে সম্মান গ্রহণে সমস্যা হতে পারত। কিন্তু এক বার দিন চূড়ান্ত করে দিলে তাঁকে যেতেই হত। তাই রোহিত সম্মান গ্রহণের জন্য অন্য একটি দিন বেছে নিয়েছেন। নির্দিষ্ট দিনে রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদ্মশ্রী সম্মান গ্রহণ করবেন রোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement