IPL 2026

শূন্য করার পর বোলারের হুমকি গায়ে লেগেছিল, তখনই ঠিক করেছিল জবাব দিতেই হবে! কী ছক কষেছিল, জানাল সূর্যবংশী

সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিল বৈভব সূর্যবংশী। সেই ইনিংসের পর তার সমালোচনা হয়েছিল। তখনই ফেরার ছক কষে ফেলেছিল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৩:৩৯
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

১২ দিনের মধ্যে বদলে গিয়েছে ছবিটা। সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিল বৈভব সূর্যবংশী। সেই ইনিংসের পর তার সমালোচনা হয়েছিল। তখনই ফেরার ছক কষে ফেলেছিল সে। ১২ দিন পরে সেই হায়দরাবাদের বিরুদ্ধেই ৩৬ বলে শতরান করেছে বৈভব। কী ভাবে ফেরার পরিকল্পনা করেছিল, জানিয়েছে রাজস্থান রয়্যালসের ১৫ বছরের ব্যাটার।

Advertisement

প্রথম পর্বের ম্যাচে প্রফুল্ল হিঙ্গের বাউন্সার সামলাতে না পেরে শূন্য রানে আউট হয়েছিল বৈভব। খেলা শেষে প্রফুল্ল জানিয়েছিলেন, কী ভাবে বৈভবকে আউট করার পরিকল্পনা করেছিলেন তিনি। হায়দরাবাদের বোলার বলেন, “নামার আগে সতীর্থদের বলেছিলাম, প্রথম বলেই বৈভবকে আউট করব। ওকে বাউন্সার দেব। বোলিং কোচ বরুণ (অ্যারন) স্যর আমাকে সাহায্য করেছেন।”

প্রফুল্লের এই কথাগুলো নিতে পারেনি বৈভব। রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্দেরের সঙ্গে একটি ভিডিয়োতে সে কথা বলেছে সে। বৈভব বলে, “ওই ম্যাচে আউট হওয়ার পর খেলা শেষে ফোন ঘাঁটছিলাম। অনেক কিছু দেখতে পেলাম। অনেক সমালোচনা শুনলাম। এই বিষয়গুলো আমাকে খুব একটা প্রভাবিত করে না। কিন্তু কেউ ব্যক্তিগত ভাবে কিছু বললে গায়ে লাগে। তখনই ঠিক করেছিলাম, ব্যাটেই এর জবাব দেব।”

Advertisement

তার পর থেকেই অনুশীলনে শর্ট বলের বিরুদ্ধে ব্যাটিং শুরু করে দেয় বৈভব। প্রস্তুতিতে খামতি রাখতে চায়নি সে। বৈভব বলে, “এই ম্যাচে নামার আগে আমার পরিকল্পনা স্পষ্ট ছিল। আমি জানতাম কী ভাবে খেলব। প্রথম বল থেকে হাত খোলা শুরু করেছি। বোলারদের চাপে রেখেছি। অনুশীলনে যে ভাবে খেলেছি, ঠিক সেটাই ম্যাচে করেছি। ব্যাটেই জবাব দিয়েছি।”

তবে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান ধরে বৈভবের। ফলে উঠে যেতে হয় তাকে। আপাতত সুস্থ আছে বৈভব। বলে, “এখন ঠিক আছি। পা আটকে গিয়েছিল। গোড়ালিতে একটা সমস্যা আগে থেকেই ছিল। তাই গোড়ালির উপর বেশি চাপ দিতে চাইনি। সেই কারণেই হ্যামস্ট্রিংয়ে লাগে। তবে এখন ভাল আছি। পরের ম্যাচের আগে পুরো সুস্থ হয়ে যাব।”

Advertisement

মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান। বড় ম্যাচ বৈভবদের সামনে। সেই ম্যাচের আগে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদী রাজস্থানের ১৫ বছরের বাঁহাতি ওপেনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement