বৈভব সূর্যবংশী (বাঁ দিকে) ও যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই।
লড়াইটা ছিল জসপ্রীত বুমরাহ বনাম বৈভব সূর্যবংশীর। এক জন সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরাদের মধ্যে রয়েছেন। অপর জন সবে তারকা হয়েছে। এই লড়াইয়ে বাজিমাত করেছে বৈভব। বুমরাহের প্রথম বলে ছক্কা মেরেছে সে। সেই শট দেখার পর তাকে গিয়ে কী বলেছিলেন যশস্বী জয়সওয়াল। তিনি নিজেই জানালেন সে কথা।
দ্বিতীয় ওভারে বল করতে আসেন বুমরাহ। তাঁর প্রথম বল লং অনের উপর দিয়ে গ্যালারিতে ফেলে দেয় বৈভব। তার আগে কোনও বল খেলেনি সে। প্রথম বলে বুমরাহের মতো বোলারকে অবলীলায় ছক্কা মারতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন অপর প্রান্তে থাকা যশস্বী।
খেলা শেষে তিনি জানিয়েছেন, বৈভবকে নিজের শট খেলার পরামর্শ দিয়ে এসেছিলেন তিনি। যশস্বী বলেন, “প্রথম বলে ছক্কা মারতে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। ওকে গিয়ে বললাম, নিজের শট খেলে যা। কারণ, বুমরাহ ভাই কিংবদন্তি। ওকে যদি চাপে রাখা যায় তা হলে বাকিরাও চাপে থাকবে। তাতে আমার কাজটাও সহজ হবে। তাই বৈভবকে চালিয়ে খেলতে বলেছিলাম। ও সেটাই করেছে।”
ওপেনিংয়ে সাধারণত বেশির ভাগ দলে ডানহাতি-বাঁহাতি জুটি দেখা যায়। কিন্তু রাজস্থানের হয়ে দুই বাঁহাতি নামেন। তাতে কোনও সমস্যা হয় না বলেই জানিয়েছেন যশস্বী। তিনি বলেন, “আমাদের জুটিটা বেশ ভাল। আমরা দু’জনেই শট মারতে ভালবাসি। খেলা উপভোগ করি। একে অপরকে ইতিবাচক থাকতে সাহায্য করি। আমি এখন অভিজ্ঞ। তাই দলের কথা ভেবে খেলতে হয়। সেখানে অপর প্রান্তে বৈভবের মতো কেউ থাকলে খুব সুবিধা। কারণ, ও আমার উপর থেকে চাপ কমিয়ে দেয়।”
মঙ্গলবার গুয়াহাটির মাঠে বৈভবের ১৪ বলে ৩৯ ও যশস্বীর ৩২ বলে অপরাজিত ৭৭ রানের দাপটে ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান করে রাজস্থান। জবাবে ৯ উইকেটে ১২৩ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস। তিন ম্যাচ খেলে তিনটিই জিতেছে রাজস্থান। পয়েন্ট তালিকায় এখন সকলের উপরে বৈভব, যশস্বীরা।