IPL 2026

পন্থকে আউট করে গালিগালাজ, অশ্লীল ভঙ্গিতে উল্লাস! শাস্তি পেলেন রাজস্থানের পেসার

লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থকে আউট করে অশালীন ভাষায় কিছু বলেছিলেন নান্দ্রে বার্গার। অশ্লীল ভঙ্গিতে উল্লাসও করেন তিনি। ফলে শাস্তি পেয়েছেন রাজস্থান রয়্যালসের পেসার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২০:১৭
Share:

সতীর্থদের সঙ্গে নান্দ্রে বার্গার (একেবারে বাঁ দিকে)। ছবি: পিটিআই।

দল জিতলেও শাস্তি পেলেন নান্দ্রে বার্গার। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থকে আউট করে অশালীন ভাষায় কিছু বলেছিলেন বার্গার। অশ্লীল ভঙ্গিতে উল্লাসও করেন তিনি। ফলে শাস্তি পেয়েছেন রাজস্থান রয়্যালসের পেসার।

Advertisement

বার্গারের ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে একটি ডি-মেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আইপিএল একটি বিবৃতিতে বলেছে, “আইপিএলের নিয়ম ভাঙায় রাজস্থান রয়্যালসের বোলার নান্দ্রে বার্গারের ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে ও একটা ডি-মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। লখনউয়ের বিরুদ্ধে ঋষভ পন্থকে আউট করে বার্গার যে ভাবে উল্লাস করেছিলেন, তা আইপিএলের নিয়মবিরুদ্ধ। তাই শাস্তি দেওয়া হয়েছে তাঁকে।”

আইপিএল তাদের বিবৃতিতে আরও বলেছে, “বার্গার আইপিএলের ২.৫ ধারার লেভেল ১ অপরাধ করেছেন। প্রতিপক্ষ ক্রিকেটারের বিরুদ্ধে অশালীন ভাষার ব্যবহার, অশ্লীল উল্লাস ও অঙ্গভঙ্গি এই ধারায় পড়ে। ম্যাচ রেফারি তাঁর রিপোর্টে বার্গারের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। বার্গার নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। এই ধরনের অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।”

Advertisement

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার চারটি ডি-মেরিট পয়েন্ট পেলে তাঁকে এক ম্যাচ নির্বাসিত করা হয়। দেড় বছর ধরে এই ডি-মেরিট পয়েন্ট সেই ক্রিকেটারের ক্ষেত্রে কার্যকর থাকে। ফলে আগামী ম্যাচগুলি থেকে সতর্ক থাকতে হবে বার্গারকে।

পন্থকে শূন্য রানের মাথায় ফেরান বার্গার। তাঁর বলে আড়াআড়ি ব্যাট চালাতে গিয়েছিলেন লখনউয়ের অধিনায়ক। ব্যাটের কানায় লেগে বল পিছনে যায়। ক্যাচ ধরেন ধ্রুব জুরেল। পন্থ আউট হওয়ায় বড় ধাক্কা খায় লখনউ। ১৬০ রান তাড়া করতে নেমে শেষপর্যন্ত ৪০ রানে হারে লখনউ। যদিও সেই জয়ের আনন্দের মধ্যেই শাস্তি পেলেন বার্গার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement