IPL 2026

‘মুখে বলার চেয়ে কাজে করে দেখানো বেশি গুরুত্বপূর্ণ’, চেন্নাইয়ের অধিনায়ক-বিতর্কে মুখ খুললেন সঞ্জু

সঞ্জু স্যামসন জানিয়েছেন, রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে আসার সময় কোনও শর্ত দেননি। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের উপর তাঁর যথেষ্ট আস্থা রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৬:১৫
Share:

সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

লখনউ সুপার জায়ান্টস ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক বিতর্কে মুখ খুললেন সঞ্জু স্যামসন। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নেরা। চোটের জন্য খেলতে পারছেন না মহেন্দ্র সিংহ ধোনিও। এই পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের একাংশ অধিনায়ক পরিবর্তনের দাবি তুলেছেন।

Advertisement

এ বারও চেন্নাইয়ের পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই। ক্রিকেটার হিসাবে সাফল্য পাচ্ছেন না রুতুরাজও। অন্য দিকে ভাল ফর্মে রয়েছেন সঞ্জু। তাই অধিনায়ক পরিবর্তনের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্কও। এ নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সঞ্জু। প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দ প্রশ্ন করেন, তুমি কি চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছ? উত্তরে সঞ্জু বলেছেন, ‘‘না। আমার একটা দল রয়েছে। দলে আমার একটা জায়গাও আছে। একটা দল ছেড়ে আর একটা দলে যোগ দিয়েছি আমি। এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে কোনও দাবি রাখা যায় না।’’

সঞ্জু আরও বলেছেন, ‘‘সত্যি বলতে, আপনি যখন নতুন বাড়ি খোঁজেন, তখন খুব বেশি চাহিদা রাখলে হয় না। আমিও কোনও দাবি বা চাহিদা নিয়ে এই দলে আসিনি। একটা নতুন দলে এসে প্রথম লক্ষ্য থাকে নিজের যোগ্যতা প্রমাণ করা। ঠিকঠাক আচরণ করতে হয়। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হয়। দায়িত্ব নিতে হয়। সিএসকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমার উপর ভরসা রেখেছে। এই দলের জন্য নিজের সবকিছু উজাড় করে দিতে আমি প্রস্তুত।’’

Advertisement

অধিনায়ক রুতুরাজের পাশেও দাঁড়িয়েছেন সঞ্জু। তিনি বলেছেন, ‘‘আমি অন্য একটি দলকে পাঁচ বছর নেতৃত্ব দিয়েছি। তা-ও রুতুরাজ আমাকে তার দলে স্বাগত জানিয়েছে। নিজের প্রতি অগাধ আস্থা এবং আত্মবিশ্বাস না থাকলে এটা করা যায় না। এই ব্যাপারটাই আমাকে আকৃষ্ট করেছিল। আজকাল অনেকে অনেক কথা বলে। এই করব, সেই করব। আমার কাছে কথার চেয়ে কাজে করে দেখানো অনেক বেশি গুরুত্বপূর্ণ।’’

এর পর সঞ্জু বলেছেন, ‘‘সত্যি বলতে রুতুরাজ খুব ভাল। একটু অন্য ধরনের ভারতীয় ক্রিকেট তারকা। বড় তারকা। আইপিএলের অন্যতম বড় ফ্র্যাঞ্জাইজ়িকে নেতৃত্ব দিচ্ছে। তারকা হলেও তারকাসুলভ কোনও আচরণ নেই ওর মধ্যে। ওকে দেখলে হয়তো মনে হয় আত্মবিশ্বাসের অভাব রয়েছে। আমি বলব, ও ভারতের অন্যতম নিশ্চিত এবং আত্মবিশ্বাসী ক্রিকেটার। ওর সমকক্ষ যে কোনও ক্রিকেটারের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। আরে সবে তো এক বছর নেতৃত্ব দিচ্ছে।’’

আইপিএলের গত নিলামের আগে রাজস্থান রয়্যালস থেকে সরাসরি সঞ্জুকে কিনেছিলেন চেন্নাই কর্তৃপক্ষ। মনে করা হয়েছিল, ধোনির যথার্থ পরিবর্ত হিসাবে সঞ্জুকে দলে নেওয়া হয়েছে। কারণ কেরালার ক্রিকেটারও দক্ষ উইকেটরক্ষক-ব্যাটার। অধিনায়ক হিসাবে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত, সফল এবং অভিজ্ঞ। কিন্তু গত বারের ব্যর্থতার পরও এ বার রুতুরাজের নেতৃত্বেই ভরসা রেখেছেন চেন্নাই কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement