ICC T20 World Cup 2026

পাক ক্রিকেটে আবার শ্বশুর-জামাই দ্বন্দ্ব! শাদাবের উপর ক্ষুব্ধ সাকলাইন, অলরাউন্ডারকে ধমক দিয়ে চুপ করতে বলল পাকিস্তান বোর্ড

নামিবিয়া ম্যাচের পর প্রাক্তন ক্রিকেটারদের উদ্দেশে শাদাব খানের মন্তব্যে ক্ষোভ তৈরি হয়েছে পাকিস্তানের ক্রিকেট মহলে। তাঁকে সতর্ক করেছে পিসিবি। ক্ষোভ গোপন করেননি শ্বশুর সাকলাইন মুস্তাকও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৪
Share:

(বাঁ দিকে) শাদাব খান এবং সাকলাইন মুস্তাক (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে জঘন্য পারফরম্যান্সের পর নিজের জামাই শাহিন শাহ আফ্রিদিকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন শাহিন আফ্রিদি। এ বার সাকলাইন মুস্তাকও তাঁর জামাই শাদাব খানের বিরুদ্ধে সুর চড়ালেন। গত বুধবার নামিবিয়াকে হারানোর পর প্রাক্তন ক্রিকেটারদের কটাক্ষ করেছিলেন শাদাব। জামাইকে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার। পাশে পেয়েছেন আফ্রিদিকে। শাদাবকে কড়া বার্তা দিয়েছে পাক বোর্ডও।

Advertisement

নামিবিয়া ম্যাচের পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের কটাক্ষ করে অলরাউন্ডার বলেছিলেন, ‘‘প্রাক্তন ক্রিকেটারদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে। তাঁরা কিংবদন্তি। অথচ তাঁরা বিশ্বকাপে কখনও ভারতকে হারাতে পারেননি। আমরা তবু এক বার হারিয়ে দেখিয়েছি।’’ তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ সাকলাইন। তিনি এবং কয়েক জন প্রাক্তন ক্রিকেটার শাদাবের এই মন্তব্য নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অভিযোগ জানিয়েছেন।

জামাইয়ের মন্তব্যে ক্ষুব্ধ সাকলাইন বলেছেন, ‘‘শাদাবের মন্তব্য অবাঞ্ছিত এবং অপমানজনক। যাদের উদ্দেশে এই ধরনের মন্তব্য করেছে, তাদের অনেকেই আমার সঙ্গে খেলেছে। আইসিসি প্রতিযোগিতা জিততে না পারা প্রাক্তনদের মধ্যে আমিও রয়েছি। কিন্তু আমরা পাকিস্তানকে অনেক বড় ম্যাচ জিতিয়েছি। টেস্ট জিতেছি। এক দিনের ম্যাচ জিতেছি।’’ অসন্তোষ প্রকাশ করেছেন কামরান আকমলও। প্রাক্তন উইকেটরক্ষক বলেছেন, ‘‘প্রাক্তন খেলোয়াড়দের সম্পর্কে এই ধরনের মন্তব্য ঠিক নয়। কথা বলার সময় সতর্ক থাকা দরকার।’’

Advertisement

কটাক্ষের সুরে আফ্রিদি বলেছেন, ‘‘শাদাব একদম ঠিক বলেছে। আমরা কিছুই পারিনি। ওরা অন্তত একটা ম্যাচ জিতেছে। ওদের সম্মান প্রাপ্য। কিন্তু দুঃখের হল, ওরা সম্মান রাখতে জানে না। ২০২১ সালে একটা জয় পেয়েছে ঠিকই। কিন্তু ওদের মধ্যে কোনও একতা নেই। না পারে ব্যক্তিগত ভাবে ভাল খেলতে। না পারে দল হিসাবে ভাল কিছু করতে। নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে।’’

তিনি আরও বলেছেন, ‘‘শাদাবের মনে রাখা উচিত, খারাপ পারফরম্যান্সের জন্য দীর্ঘ দিন দলে সুযোগ পায়নি। সে সময় আমরাই অনেকে টেলিভিশনে বলতাম, শাদাবকে দরকার। শাদাব দলের ভারসাম্যের জন্য গুরুত্বপূ্র্ণ। বোলার শাদাবকে অবশ্যই চাই। ব্যাটও করতে পারে। ছেলে হিসাবেও শাদাব খুব ভাল। সকলের সঙ্গে ভাল ব্যবহার করে। তাই বেশি খারাপ লাগছে।’’

আফ্রিদি আরও বলেছেন, ‘‘আমরা যখন খেলতাম, তখনও প্রাক্তনেরা নানা মন্তব্য করতেন। আমাদের অভিশপ্তও বলা হয়েছিল। নানা কটাক্ষ করা হয়েছিল। আমরা পারফর্ম করে জবাব দিয়েছিলাম। না, আমরা কোনও ছোটখাটো দলকে হারাইনি। বড় বড় দলকে হারিয়েই জবাব দিয়েছিলাম। নামিবিয়ার বিরুদ্ধে ভালই পারফর্ম করেছ। শাদাব, তুমি আমার সন্তানের মতো। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও একই পারফরম্যান্স করে দেখাও। পারলে আমরা তোমার পাশে দাঁড়াব। তোমার বেশি আগ্রাসী ক্রিকেট খেলার দরকার নেই। সবে জাতীয় দলে ফিরেছ। কিছু দিন চুপ করে পারফর্ম করে যাও। আরে বিশ্বকাপ শেষ হয়ে গেলে তো আমরাও চুপ করে যাব।’’

শাদাবের মন্তব্য ভাল ভাবে নেননি পিসিবি কর্তারাও। তাঁকে কড়া বার্তা পাঠানো হয়েছে টিম ম্যানেজার নাভেদ চিমার মাধ্যমে। পিসিবির এক কর্তা বলেছেন, ‘‘শাদাবের মন্তব্য সমর্থন করা যায় না। পাকিস্তানের ক্রিকেটে প্রাক্তনদের অবদান কম নয়। তাঁদের সম্পর্কে এ ভাবে মন্তব্য করা যায় না। ওকে বুঝে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। মনে রাখা উচিত, প্রাক্তনদের মধ্যে রয়েছেন ওর শ্বশুর সাকলাইন মুস্তাকও। শাদাবের উচিত, প্রাক্তনদের সম্মান করে কথা বলা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement