India Women Vs South Africa Women

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ়ের দল ঘোষণা ভারতের, হরমনপ্রীতদের দলে নতুন তিন মুখ

দক্ষিণ আফ্রিকার মহিলা দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দল ঘোষণা করে দিল ভারত। ১৫ জনের দল ঘোষিত হয়েছে। সেখানে রয়েছে তিন নতুন মুখ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১২:৫৩
Share:

হরমনপ্রীত কৌর। ছবি: পিটিআই।

চলতি বছরই মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে ভারত। তার প্রস্তুতি চলছে। এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলবে ভারত। সেই সিরিজ়ের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ় খেলেছেন হরমনপ্রীত কৌরেরা। তিন ম্যাচের সেই সিরিজ় ২-১ জিতেছে ভারত। তার পরেও জয়ী দলে বদল হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজ়ে খেলা চার ক্রিকেটার হরলীন দেওল, জি কমলিনী, স্নেহ রানা ও বৈষ্ণবী শর্মাকে দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে নেওয়া হয়নি। বদলে জায়গা পেয়েছেন উমা ছেত্রী, কাশবী গৌতম ও অনুষ্কা শর্মা।

বিকল্প উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়ে এখনও পর্যন্ত তেমন নজর কাড়তে পারেননি কমলিনী। ফলে উমাকে সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় ও মহিলাদের আইপিএলে ভাল খেলায় জায়গা করে নিয়েছেন কাশবী। মহিলাদের আইপিএলে নজরকাড়া ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য অনুষ্কাকেও দেখে নিতে চাইছেন কোচ অমল মুজুমদার।

Advertisement

এই একই ছবি এক দিনের বিশ্বকাপের আগে দেখা গিয়েছিল। প্রায় প্রতি সিরিজ়ে নতুন মুখ দেখা যেত। আসলে হাতে বিকল্প তৈরি রাখতে চেয়েছিলেন অমল। তার ফল পেয়েছিল ভারত। প্রথম বার বিশ্বকাপ জিতেছিলেন হরমনপ্রীতেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও একই ফরমুলায় হাঁটছেন কোচ।

১৭ এপ্রিল ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। ১৯ এপ্রিল ডারবান, ২২ ও ২৫ এপ্রিল জোহানেসবার্গ এবং ২৭ এপ্রিল বেনোনিতে হবে বাকি চারটি ম্যাচ। প্রথম, তৃতীয় ও পঞ্চম টি-টোয়েন্টি শুরু ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিটে। বাকি দু’টি ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা ৫.৩০ মিনিটে।

দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে ভারতীয় দল

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ়, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, শ্রেয়াঙ্কা পাটিল, কাশবী গৌতম, ভারতী ফুলমালি, উমা ছেত্রী, অনুষ্কা শর্মা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement