IPL 2026

পাথিরানাকে নিয়ে চিন্তা বাড়ল কেকেআরের! প্রথম দিন ফিটনেস পরীক্ষা দিলেন না পেসার, সিদ্ধান্ত ঝুলিয়ে রাখল শ্রীলঙ্কা বোর্ড

আইপিএলে মাথিশা পাথিরানাকে আদৌ কলকাতা নাইট রাইডার্স পাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা চলছেই। এখনও পাথিরানাকে খেলার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১০:৪৭
Share:

মাথিশা পাথিরানা। —ফাইল চিত্র।

ধোঁয়াশা কাটছে না। আইপিএলে মাথিশা পাথিরানাকে আদৌ কলকাতা নাইট রাইডার্স পাবে কি না, তা এখনও জানা যায়নি। আইপিএলে খেলার ছাড়পত্র (এনওসি) পাওয়ার জন্য ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল পাথিরানার। জানা গিয়েছে, প্রথম দিন তিনি ফিটনেস পরীক্ষা দিতে যাননি। ফলে তাঁকে নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলিয়ে রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

Advertisement

‘ক্রিকবাজ়’ জানিয়েছে, সোম ও মঙ্গলর ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল শ্রীলঙ্কার ক্রিকেটারদের। সোমবার পাথিরানা যাননি। শ্রীলঙ্কার আর এক ক্রিকেটার ওয়ানিন্দু হাসরঙ্গও সোমবার ফিটনেস পরীক্ষা দেননি। তবে পরীক্ষা দিয়ে খেলার অনুমতি পেয়ে গিয়েছেন ঈশান মালিঙ্গা। তিনি শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন।

যা খবর, তাতে আইপিএলের শুরুর দিকে হয়তো পাওয়া যাবে না পাথিরানাকে। তবে পরের দিকে ফিট হয়ে কেকেআরে যোগ দিতে পারেন এই ডান হাতি পেসার। তাই এখনই পাথিরানার পরিবর্তে কাউকে নিচ্ছে না কেকেআর। ১৮ কোটির ক্রিকেটারের জন্য অপেক্ষা করছে শাহরুখ খানের দল।

Advertisement

গত নিলামে পাথিরানাকে ১৮ কোটি টাকায় কিনেছে কেকেআর। চেন্নাই থেকে কলকাতায় যোগ দিয়েছেন তিনি। তবে বিশ্বকাপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল করার মাঝেই উঠে যান। বাকি বিশ্বকাপে আর খেলতে পারেননি। আপাতত চোটের অবস্থা অনেক ভাল হলেও দেশের অন্যতম সেরা পেসারকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় শ্রীলঙ্কা ক্রিকেট। তাই আইপিএলে খেলার জন্য পাথিরানাকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি।

সংবাদসংস্থাকে কেকেআরের এক কর্তা বলেছেন, “কবে পাথিরানা শিবিরে যোগ দেবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। তাই রোজই ওর টিকিট বুক করে আবার বাতিল করে দিতে হচ্ছে। নিয়মিত যোগাযোগ রয়েছে ওর সঙ্গে।”

এর মাঝেই পাথিরানার ম্যানেজারের একটি পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অমিলা কালুগালাগে সমাজমাধ্যমে কেকেআর জার্সি গায়ে পাথিরানার একটি ছবি পোস্ট করেছেন। ইঙ্গিত দিয়েছেন, কেকেআরের হয়ে খেলার জন্য তৈরি এই জোরে বোলার। কিন্তু তার জন্য তো ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। এখম দেখার, দ্বিতীয় দিন পাথিরানা ফিটনেস পরীক্ষা দেন কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement