শুভমন গিল। —ফাইল চিত্র।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের জয়ে লাভবান হল ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এলেন শুভমন গিলেরা। বাংলাদেশ-পাকিস্তান টেস্টের আগে তালিকায় পাঁচ নম্বরে ছিল পাকিস্তান। এই ম্যাচের পর সাতে নেমে গেল তারা। অন্য দিকে বাংলাদেশ আট থেকে ছয়ে উঠে এসেছে।
তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আটটি টেস্ট খেলে প্যাট কামিন্সদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউ জ়িল্যান্ড। তিনটি টেস্ট খেলার পর কিউয়িদের পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্টের পর টেম্বা বাভুমার দলের পয়েন্ট শতাংশ ৭৫। চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। দু’টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।
শ্রীলঙ্কার পরই রয়েছে ভারত। ন’টি টেস্ট খেলার পর শুভমনদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। পাকিস্তানকে হারিয়ে ভারতের পর এখন বাংলাদেশ। ষষ্ঠ স্থানে উঠে আসা নাজমুল হোসেন শান্তদের তিন টেস্টের পর পয়েন্ট শতাংশ ৪৪.৪৪।
দু’ধাপ নেমে পাকিস্তান এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের সাত নম্বর জায়গায়। তিনটি টেস্ট খেলার পর শান মাসুদের দলের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩। বাংলাদেশের জয়ে এক ধাপ পিছিয়ে গিয়েছে ইংল্যান্ডও। বেন স্টোকসের দল এখন অষ্টম স্থানে। ১০টি টেস্ট খেলার পর তাদের পয়েন্ট শতাংশ ৩১.৬৭। নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। আটটি টেস্টের পর ক্যারিবিয়ানদের পয়েন্ট শতাংশ ৪.১৭।
একটি টেস্ট জিতলে ১২ পয়েন্ট পাওয়া যায়। ড্র হলে দু’দল ৪ পয়েন্ট করে পায়। সেই হিসাবে সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের সঙ্গে প্রাপ্ত পয়েন্ট বিচার করে নির্ধারণ করা হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট শতাংশ।