—প্রতীকী চিত্র।
বদলে যাচ্ছে ক্রিকেটের নিয়ম। মোট ৭৩টি সংশোধনী বা পরিবর্তনের কথা জানিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। নিয়ম পরিবর্তন হয়েছে ১০টি। আগামী ১ অক্টোবর থেকে লাগু হবে নতুন নিয়মগুলি।
আইনপ্রণেতা এমসিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রিকেট আইনের সর্বশেষ সংস্করণে ৪২টি আইনের কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে। পরিবর্তনের অন্যতম প্রধান কারণ অপেশাদার ক্রিকেটারদের কাছে ক্রিকেটকে সস্তা ও সহজলভ্য করা। সে কারণে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ল্যামিনেটেড ব্যাট
ক্রিকেটের অন্যতম প্রধান উপকরণ ব্যাট। ব্যাটের দাম ক্রমশ বেড়ে চলায় উদ্বিগ্ন ক্রিকেট কর্তারা। দাম সাধারণের নাগালের বাইরে চলে গেলে ক্রিকেটের প্রসারে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই আগে নিষিদ্ধ হওয়া কয়েক ধরনের ব্যাটকে বৈধতার কথা বলা হয়েছে নতুন নিয়মে। এ বার থেকে ব্যবহার করা যাবে ল্যামিনেটেড বা কয়েক স্তরের কাঠ দিয়ে তৈরি ব্যাট। যা এক দিন শুধু জুনিয়র ক্রিকেটে অনুমোদিত ছিল। নতুন নিয়মে সব ধরনের অপেশাদার ক্রিকেটেই ল্যামিনেটেড ব্যাট ব্যবহার করা যাবে। এমসিসির বক্তব্য, ল্যামিনেটেড ব্যাট ব্যবহারে ক্রিকেটের গতিপ্রকৃতির তেমন হেরফের হবে না। তবে খরচ অনেকটাই কমবে। এমসিসির তরফে ফ্রেজার স্টুয়ার্ট বলেন, ‘‘ইংলিশ উইলোর এখন বেশ সংকট। আমরা গাছের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাই। পারফরম্যান্সে বড় পার্থক্য না এনেই যদি সাধারণ মানুষের নাগালে খেলাটাকে রাখা যায়, তবে সেটিই বুদ্ধিমানের কাজ।’’
নিয়ম বদল
দিনের শেষ ওভার
অধিকাংশ ক্ষেত্রে দিনের শেষ ওভারে উইকেট পড়লে সেখানে খেলা শেষ করে দেওয়া হয়। আর তা হবে না। নতুন সংশোধনী অনুযায়ী, দিনের শেষ ওভার সম্পূর্ণ হওয়ার পরই খেলা শেষ করা যাবে।
‘বানি হপ’ ক্যাচ
বাউন্ডারি লাইনের বাইরে থেকে লাফিয়ে বল মাঠের মধ্যে পাঠিয়ে দিয়ে আবার বাউন্ডারি লাইনের ভিতরে ঢুকে ক্যাচ নেওয়া কঠিন হবে। ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে এসে শূন্যে থাকা অবস্থায় এক বারই বল স্পর্শ করতে পারবে। তার পর ক্যাচটি পূর্ণ করতে হলে তারে অবশ্যই বাউন্ডারি লাইনের ভিতরে থাকতে হবে। আইসিসি আগেই প্লেয়িং কন্ডিশনে এই নিয়ম অন্তর্ভুক্ত করেছে।
উইকেটরক্ষকের দস্তানা
বোলার রান আপে দৌড় শুরু করার সময় উইকেটরক্ষকের দস্তানা স্টাম্পের সামনে থাকতে পারবে। তবে বোলার হাত থেকে বল ছাড়ার মুহূর্তে উইকেটরক্ষকের দস্তানা স্টাম্পের পিছনে।
শর্ট রান
কোনও ব্যাটার ইচ্ছাকৃত শর্ট রান নিলে শাস্তি হিসাবে ৫ রান জরিমানা হয়। এবার থেকে শর্ট রানের পরের বল কোন ব্যাটার খেলবেন তা-ও ঠিক করবে ফিল্ডিং করা দল। ভুলবশত রান পূর্ণ না করলে অবশ্য এই নিয়ম প্রযোজ্য হবে না।
হিট উইকেট
ব্যাটার বল মারতে গিয়ে ভারসাম্য হারিয়ে স্টাম্পে পড়ে গেলে হিট উইকেট ধরা হবে। তবে কোনও ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলে আউট হবে না। ব্যাটারের ব্যাট বা অন্য কোনও সরঞ্জামের অংশ ফিল্ডার বা উইকেটরক্ষকের গায়ে লেগে স্টাম্পে পড়লেও আউট হবে না।
‘ডেড’ বল
বল কখন ‘ডেড’ হবে তা এখন মূলত নির্ভর করে আম্পায়ারের সিদ্ধান্তের উপর। এখন থেকে বল শুধু বোলার বা উইকেটরক্ষকের হাতে গেলেই ‘ডেড’ হবে না। কোনও ফিল্ডারের হাতে বল থাকলেও খেলার পরিস্থিতি বিবেচনা করে ‘ডেড’ ঘোষণা করতে পারবেন আম্পায়ারেরা।
ওভার থ্রো
উইকেট লক্ষ্য করে নির্দিষ্ট কারণে বল ছুড়লেও শুধু ওভার থ্রো ধরা হবে। সাধারণ মিস ফিল্ডিংকে এখন থেকে আর ওভার থ্রো ধরা হবে না।
ইনিংসের সমাপ্তি ঘোষণা
এখন থেকে ম্যাচের শেষ ইনিংসে অধিনায়কেরা ইনিংসের সমাপ্তি ঘোষণা বা ডিক্লেয়ার করতে পারবেন না।
লিঙ্গ নিরপেক্ষ ভাষা
ক্রিকেটে এখন থেকে পুরুষ বা নারীবাচক শব্দের বদলে লিঙ্গ নিরপেক্ষ শব্দ ব্যবহার করা হবে। যেমন ‘ব্যাটসম্যান’-এর বদলে সর্বত্র শুধু ‘ব্যাটার’ শব্দটিই ব্যবহার করা যাবে।
ডিক্লেরেশন
নতুন নিয়মে ম্যাচের শেষ ইনিংসে কোনও অধিনায়ক ইনিংসের সমাপ্তি ঘোষণা বা ডিক্লেয়ার করতে পারবেন না।