টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কলকাতা থেকে সরে যেতে পারে কলম্বোয়। পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনাল সরে যাবে অহমদাবাদ থেকেও। ম্যাচের জায়গা চূড়ান্ত না হলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) মঙ্গলবার থেকে দু’টি সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু করে দিল।
ম্যাচের জায়গা চূড়ান্ত করতে না পারলেও টিকিট বিক্রি শুরু করে দিলেন জয় শাহেরা! ক্রিকেটপ্রেমীদের বিভ্রান্তি বাড়িয়ে সম্ভাব্য চার শহরের জন্যই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে এ দিন সন্ধে ৭টা থেকে। কলকাতা, মুম্বই, অহমদাবাদ এবং কলম্বোর জন্য টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে শুধু মুম্বইয়ে দ্বিতীয় সেমিফাইনাল হওয়া নিয়ে কোনও সংশয় নেই।
প্রাথমিক সূচি অনুযায়ী, দু’টি সেমিফাইনাল হওয়ার কথা কলকাতা এবং মুম্বইয়ে। ফাইনাল হওয়ার কথা অহমদাবাদে। পাকিস্তান সেমিফাইনাল বা ফাইালে উঠলে সংশ্লিষ্ট ম্যাচটি কলম্বোয় সরিয়ে নিয়ে যাওয়া হবে। কারণ, ভারতের মাটিতে কোনও ম্যাচ খেলবেন না সলমন আলি আঘারা। মঙ্গলবারই আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে দাসুন শনাকার দলকেও দেশের মাটিতে খেলার সুযোগ দেওয়া হবে। সে ক্ষেত্রে কলকাতার সেমিফাইনালটি কলম্বোয় আয়োজন করা হবে। ফলে নতুন একটি অনিশ্চয়তাও তৈরি হয়েছে।
সব মিলিয়ে প্রতিযোগিতার শেষ তিনটি ম্যাচ কোথায় হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেমিফাইনালের চার দল চূড়ান্ত হওয়ার পরই বোঝা সম্ভব নকআউট পর্বের ম্যাচগুলি কোথায় কোথায় হবে। এমন অনিশ্চয়তা বিভ্রান্তির মধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গেল।