গোয়েন্কাকে প্রণাম বৈভবের। ছবি: সমাজমাধ্যম।
মঙ্গলবার লখনউয়ের বিরুদ্ধে রাজস্থানকে জিতিয়েছে বৈভব সূর্যবংশীর ইনিংস। ৩৮ বলে বিধ্বংসী ৯৩ রান করেছে সে। অল্পের জন্য শতরান পায়নি। ম্যাচের পর সে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েন্কার পা ছুঁয়ে প্রণাম করল। জানাল অর্ধশতরানের পর বিশেষ উচ্ছ্বাসের কারণও। নিজের ইনিংসে বেশ কিছু নজিরও ভেঙেছে সে।
ম্যাচের পর গোয়েন্কার সঙ্গে দেখা করতে আসে বৈভব। পা ছুঁয়ে প্রণাম করে। তার মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন গোয়েন্কা। তিনি বলেন, “ক্রিকেটবিশ্ব তোমার প্রতিভা দেখে নিয়েছে। দেশ তোমার মধ্যে ভবিষ্যৎ দেখছে। তরুণ কাঁধে ইতিমধ্যেই অনেক দায়িত্ব চলে এসেছে। নিজের সারল্য ধরে রাখো, দক্ষতায় শাণ দাও। গোটা বিশ্ব তোমার পায়ের তলায় থাকবে। বৈভব, তোমার জন্য প্রার্থনা, আশীর্বাদ এবং ভালবাসা থাকল।”
অর্ধশতরানের পর আঙুল দিয়ে ইংরেজির ‘এ’ অক্ষর দেখিয়ে উচ্ছ্বাসপ্রকাশ করে বৈভব। প্রথমে সে কারণ খোলসা করতে চায়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলে, “এমনিই ওটা করেছি। আগের ম্যাচেও যে উচ্ছ্বাস করেছিলাম তার আলাদা কোনও অর্থ ছিল না। প্রত্যেক ম্যাচেই নতুন কিছু করতে চাই।” পরে রাজস্থানের পোস্ট করা একটি ভিডিয়োয় বৈভব বলে, “ওই উচ্ছ্বাস আমার মাকে উৎসর্গ করা। ওঁর নাম ‘এ’ দিয়ে শুরু। এটা সকলকে বলতে চাইছিলাম না। কারণ আগামী দিনেও এটা করব। তবে আজকের উচ্ছ্বাস মায়ের জন্য ছিল।”
বেগনি টুপি মাথায় তোলার পাশাপাশি, মঙ্গলবার কিছু নজিরও গড়েছে বৈভব।
১) একটি আইপিএল মরসুম সর্বোচ্চ স্ট্রাইক রেট তাঁর (২৩৬.৩)। এর পরে রয়েছেন আন্দ্রে রাসেল (২০৪.৮, ২০১৯), অভিষেক শর্মা (২০২.০, ২০২৬), নিকোলাস পুরান (১৯৬.২, ২০২৫)।
২) একটি আইপিএলে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে ৫০টিরও বেশি ছয় মারল বৈভব। এই কৃতিত্ব রয়েছে ক্রিস গেল (২০১২-য় ৫৯ এবং ২০১৩-য় ৫১) এবং আন্দ্রে রাসেলের (২০১৯, ৫২)।
৩) কেকেআরের ফিন অ্যালেনের পর এই মরসুমে দ্বিতীয় ব্যাটার হিসাবে দু’বার এক ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা মারল বৈভব।