IPL 2026

গুজরাতের বিরুদ্ধে ৮১ রানের ইনিংসে তিন কীর্তি কোহলির,বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে জোড়া নজির

আইপিএলে বেশ ভাল ফর্মে রয়েছেন বিরাট কোহলি। প্রায় প্রতি দিনই নজির গড়ছেন। গুজরাত টাইটান্স ম্যাচেও তিনটি নজির গড়েছেন কোহলি। তার মধ্যে দু’টি বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১১:০৩
Share:

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

বিরাট কোহলির মুকুটে নতুন পালক। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলে তিনটি নজির গড়েছেন কোহলি। দু’টি ক্ষেত্রে তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে কীর্তি গড়েছেন।

Advertisement

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শুভমন গিলের দলের বিরুদ্ধে ৪৪ বলে ৮১ রানের ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন ৮টি চার এবং ৪টি ছয়। এই ইনিংসের সুবাদেই কীর্তিগুলি গড়েছেন। শুক্রবারের ম্যাচের আগে আইপিএলে কোহলির ছক্কার সংখ্যা ছিল ২৯৯। এই ম্যাচের পর তাঁর ছক্কার সংখ্যা ৩০৩। তৃতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ৩০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন কোহলি। প্রথম দু’জন হলেন ক্রিস গেল (৩৫৭) এবং রোহিত শর্মা (৩০৯)। তবে কোহলি ৩০৩টি ছক্কাই মেরেছেন আরসিবির জার্সি গায়ে। প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএলের একটি দলের হয়ে ৩০০টি ছয় মারার নজির গড়েছেন কোহলি। এই কৃতিত্ব গেল বা রোহিতের নেই।

ভারতের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে কোনও একটি দেশে ২০ ওভারের ক্রিকেটে ১০ রান করার নজির গড়লেন তিনি। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ মিলিয়ে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। গুজরাত ম্যাচের পর ভারতের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির রান ঠিক ১০ হাজার।

Advertisement

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। তিনি ভারতের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটে করেছেন ৮৫৬৩ রান। তৃতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। তিনি ভারতের মাটিতে ৭৬২৭ রান করেছেন টি-টোয়েন্টিতে। তালিকায় চতুর্থ নাম জেমস ভিন্স। ইংল্যান্ডের মাটিতে তাঁর ৭৪৯২ রান রয়েছে টি-টোয়েন্টিতে। তালিকায় পঞ্চম সঞ্জু স্যামসন। ভারতের মাটিতে কেরলের উইকেটরক্ষক-ব্যাটারের ৭২৫৪ রান রয়েছে এখনও পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement