ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্টেট ব্যাঙ্কের এটিএমে ঘোড়ার হানা! দেখে মনে হচ্ছে তার যেন কোনও বিশেষ কারণে তৎক্ষণাৎ এটিএম থেকে টাকা তোলার প্রয়োজন পড়েছে। বাদামি বর্ণের এক ঘোড়া সামনের দু’পা সিঁড়িতে তুলে এটিএমের কাচের দরজায় ঢুঁসো মেরে চলেছে। ঘোড়ার এটিএমে প্রবেশ করার তাগিদ দেখতে রাস্তা ভরে গিয়েছে পথচারীতে। ভিডিয়োতে শোনা গেল তাঁদের কোলাহল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার পাশে এটিএমের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বাদামি রঙের ঘোড়া। ঘোড়াটি প্রাণপণে চেষ্টা করে চলেছে এটিএমের ভিতরে প্রবেশ করার। সামনের দু’পা সিঁড়ির উপর তুলে জোর দিয়ে দরজার মধ্যে ঢুঁসো মেরে চলেছে বাদামি ঘোড়াটি। ঘোড়ার কীর্তি দেখতে সারি ধরে দাঁড়িয়ে পড়েছেন পথচারীরা। ভিডিয়োতে লোকজনের আওয়াজ শুনেই তা আন্দাজ করা গেল। কিন্তু ঘোড়াটি তাঁদের কাউকে বিশেষ পাত্তা দিল না। সে সিঁড়ি ধরে উপর-নীচ করতে করতে ঢুঁসো মেরে চলল। শেষমেশ দরজাটি খুলেও গেল। কিন্তু তাকে আর এটিএমের ভিতরে ঢুকতে দেখা গেল না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘রবীন্দ্র কুমার’ নামের স্থানীয় সাংবাদিক তাঁর নিজের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটি প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ওকে ঢুকতে দাও, ওর টাকার প্রয়োজন আছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ঘোড়া বলে কি টাকার দরকার হতে পারে না?’’