Viral Video

বিমানবন্দরে কর্মরত জওয়ানকে জাদু দেখানোর ‘দুঃসাহস’! তরুণের কাণ্ডে চমকাল নেটদুনিয়া, রইল সেই ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণ প্রথমে সিআইএসএফ জওয়ানকে দুই হাত মুঠো করে সামনের দিকে এগোতে বললেন। তরুণের কথামতো জওয়ান সেটাই করলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৭:৫৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিমানবন্দরে ‘লাগেজ চেকিং’-এর জায়গায় দাঁড়িয়ে রয়েছেন কর্তব্যরত সিআইএসএফ জওয়ান। তাঁর সঙ্গে মজা করার দুঃসাহস দেখালেন এক তরুণ। দেখালেন জাদু। তবে সেই জওয়ান এক ফোঁটাও রাগ দেখালেন না। কাজের সময় বিরক্ত করার জন্য ক্ষোভপ্রকাশও করলেন না। উল্টে হাসিমুখে তরুণের সঙ্গে কথা বললেন। তরুণের করা জাদু দেখে বিস্ময়ও প্রকাশ করলেন সেই সিআইএসএফ জওয়ান। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোন বিমানবন্দরে হয়েছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণ প্রথমে সিআইএসএফ জওয়ানকে দুই হাত মুঠো করে সামনের দিকে এগোতে বললেন। তরুণের কথামতো জওয়ান সেটাই করলেন। তার পর জওয়ানকে একটা হাত বেছে নিতে বললে তিনি ডান হাত বেছে নিলেন। বাঁ হাতটি কোমরের পিছনে গুটিয়ে রাখলেন। তার পর মুঠো খুলে হাতের পাতাটি তরুণের সামনে ধরলেন জওয়ান। তরুণ তখন জওয়ানের হাতে কালো কালির মার্কার দিয়ে একটা কাটা চিহ্ন এঁকে সেটিকে মুছে দিলেন। তার পর তরুণ জওয়ানকে বাঁ হাতের মুঠো খুলে দেখতে বললেন। দেখা গেল বাঁ হাতের তালুতে ফুটে উঠেছে ডান হাতের তালুতে আঁকা কাটা চিহ্ন। সেটি দেখে তাজ্জব বনে গেলেন সিআইএসএফ জওয়ান। পাশে ঘুরে বেড়ানো অপর এক জওয়ানও সহকর্মীর সঙ্গে করা জাদু দেখতে এলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ডিএস.ম্যাজিক’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে পাঁচ লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। হাজারেরও বেশি মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। তরুণের জাদুর প্রশংসা করেছেন বহু নেটাগরিক। অনেকে আবার সিআইএসএফ জওয়ানের প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement