ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তা দিয়ে চলছিল ডাববোঝাই লরি। চালক নিয়ন্ত্রণ হারানোয় সেটি ব্রিজের উপর উল্টে পড়ে। তাতে থাকা প্রায় সমস্ত ডাব পড়ে যায় ব্রিজের তলা থেকে বয়ে চলা খালে। শুরু হয় লুটের উৎসব। আশপাশের মানুষেরা খালে নেমে সে সমস্ত ডাব তুলে নেওয়া শুরু করে দেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্রিজের উপর পড়ে রয়েছে একটি লরি। দেখে বোঝাই যাচ্ছে যে সেটি কোনও দুর্ঘটনার কবলে পড়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ছাপ সেই লরির পড়ে যাওয়ার ধরন দেখেই আন্দাজ করা যাচ্ছে। সেটির চারপাশ ঘিরে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ। সকলেরই চোখ ব্রিজের নীচের দিকে আটকে রয়েছে। কারণ, সেখানেই চলছে আসল খেলা। লরিটি বোঝাই ছিল ডাবে। সেটি উল্টে যাওয়ায় সমস্ত ডাব ব্রিজের তলা থেকে বয়ে চলা খালের মধ্যে পড়ে যায়। আর আশপাশের মানুষেরা সেই খালের জলে নেমে সেই ডাব তুলতে থাকেন। এমনকি সেই ব্রিজ থেকে চলাচল করা মানুষেরাও বিনা পয়সার ডাব নিতে খালের জলে নেমে যান। এককোমর জলে দাঁড়িয়ে একের পর এক ডাব সংগ্রহ করতে থাকেন তাঁরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৫ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর নেটাগরিক প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্যে ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরে গিয়েছে। একদল নেটাগরিক ব্যাপারটা মজার ছলে নিলেও, বেশ কিছু নেটাগরিক নিন্দা করেছেন। তাঁদের মতে, বিনা পয়সায় পাওয়া যাচ্ছে বলে এ ভাবে লুটে নেওয়া উচিত নয়।