IPL 2026

কী করতে হবে, রাহানেদের বলে দিল কেকেআর, মুম্বই ম্যাচ হেরে দলকে বার্তা কলকাতার কোচের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় না এলেও দলের লড়াইয়ে খুশি অভিষেক নায়ার। ম্যাচের পর সাজঘরে খামতির জায়গাগুলি ধরিয়ে দিয়েছেন কেকেআর কোচ। ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২০:২৬
Share:

অভিষেক নায়ার। —ফাইল চিত্র।

২২০ রান তুলেও আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এই হার থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চান কলকাতার কোচ অভিষেক নায়ার। দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি। ম্যাচের পর ওয়াংখেড়ের সাজঘরে অজিঙ্ক রাহানেদের লড়াইয়ের প্রশংসাও করেছেন নায়ার। যদিও দলের বোলিংয়ে সন্তুষ্ট নন কেকেআর কোচ।

Advertisement

ম্যাচের পর কেকেআর ক্রিকেটারদের উদ্দেশে আয়ার বলেন, ‘‘আমাদের দল কী করতে পারে, তার কিছু ঝলক আজ দেখেছি। তোমারদের লড়াই দেখে আমি গর্বিত। যে ভাবে সকলে লড়াই করেছ, তাতে আমি সত্যিই খুশি।’’

এর পর নায়ার বলেন, ‘‘তোমাদের একটা বিষয় পরিষ্কার করে দিই। আইপিএল দীর্ঘ প্রতিযোগিতা। ম্যারাথনের মতো। স্প্রিন্ট নয়। আমি বলব, প্রথম ম্যাচে আমরা অনেক কিছুই ভাল করেছি। কয়েকটা জিনিস খুবই ভাল করেছি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলা সহজ নয়। রাহানে এবং ফিন অ্যালেন ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিল। তার পর অঙ্গকৃশ রঘুবংশী দারুণ ব্যাট করেছে। ক্যামেরন গ্রিনও শুরুটা খারাপ করেনি। শেষ দিকে রিঙ্কু সিংহ এবং রমনদীপ সিংহও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে। সব মিলিয়ে ব্যাটিং বেশ ভাল হয়েছে। এটা আমাদের চালিয়ে যেতে হবে।’’

Advertisement

নায়ার আরও বলেছেন, ‘‘আমাদের বেশ কয়েক জন লড়াকু ক্রিকেটার রয়েছে। সকলে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। লড়াইটা দীর্ঘ করার চেষ্টা করেছে। রাহানে যখন মাঠের বাইরে ছিল, তখন রিঙ্কু নেতৃত্ব দিয়েছে। কার্তিক ত্যাগী পরের দিকে ভাল বল করল। সব মিলিয়ে টুকরো টুকরো প্রাপ্তি কম নয়। তবে বোলারদের বলব আমাদের আরও কথা বলতে হবে। প্রথম ম্যাচে আমরা হয়তো আমাদের ক্ষমতার ৭৫ শতাংশ দিতে পেরেছি। জানি, আমাদের নিয়ে অনেক প্রশ্ন উঠবে। কিন্তু আমাদের দল হিসাবে করে দেখাতে হবে। দলের একতা বজায় রাখতে হবে। আলাদা কিছু করে দেখাতে হবে আমাদের। দলে দক্ষতার অভাব নেই।’’

দ্বিতীয় ম্যাচের আগে আরও ভাল পরিকল্পনা করতে হবে বলে ক্রিকেটারদের বলেছেন কেকেআর কোচ। নায়ার বলেছেন ‘‘কলকাতায় ফিরে আমাদের বসতে হবে। আরও পরিশ্রম করতে হবে। ভাল করে পরিকল্পনা করতে হবে। পরের ম্যাচে প্রতিপক্ষকে দাপটের সঙ্গে হারাতে হবে। হতাশার কোনও ব্যাপার নেই। আরও লড়াই করব আমরা। সবাই প্রস্তুত থাক।’’ নায়ারের বার্তা সমাজমাধ্যমে সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement