IPL 2025

বুধবার ওয়াংখেড়েতে হবে তো মুম্বই-দিল্লি ম্যাচ! ধাক্কা খেতে পারে হার্দিকদের প্লে-অফের স্বপ্ন

বুধবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলেই প্লে-অফ পাকা মুম্বই ইন্ডিয়ান্সের। তবে সেই স্বপ্ন ধাক্কা খেতে পারে। ম্যাচ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ২২:৫১
Share:

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফে ওঠার সুযোগ তাদের নিজেদের হাতেই রয়েছে। বুধবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলেই প্লে-অফ পাকা হার্দিক পাণ্ড্যদের। তবে সেই স্বপ্ন ধাক্কা খেতে পারে। ম্যাচ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, মুম্বইয়ের আবহাওয়া।

Advertisement

মৌসম ভবন জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মুম্বইয়ে। পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়াম আরব সাগরের পাশেই। ফলে ঝড়-বৃষ্টির প্রভাব সেখানে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এ বারের আইপিএলে কয়েকটি ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে। কলকাতা, বেঙ্গালুরুতে আবহাওয়া প্রভাব ফেলেছে। বুধবার মুম্বইয়েও সেটাই দেখা যেতে পারে। যদি বৃষ্টি হয় তা হলে ভেস্তে যেতে পারে খেলা। মঙ্গলবারও বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। ফলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলের অনুশীলনে সমস্যা হয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ অনুশীলন বন্ধ করে দেওয়া হয়। মাঠ ঢেকে দেওয়া হয়েছে। ওয়াংখেড়ের আলোও নিভিয়ে দেওয়া হয়েছে। বুধবারও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Advertisement

তবে কিছুটা হলেও আশার আলো রয়েছে। ঝড়-বৃষ্টির কথা ভেবে মঙ্গলবার থেকে আইপিএলের প্রতিটি ম্যাচে বাড়তি এক ঘণ্টা সময় ধরে রাখা হয়েছে। এমনিতেই যে সময়ে খেলা শেষ হওয়ার কথা তার থেকে এক ঘণ্টা সময় বেশি ধরে রাখা হয়। সেটা আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। অর্থাৎ, ফাইনাল পর্যন্ত ম্যাচ শেষ করার জন্য বাড়তি দু’ঘণ্টা সময় থাকবে। কিন্তু যদি খেলার ওভার কমে তা হলে দু’দলই সমস্যায় পড়তে পারে।

ইতিমধ্যেই গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস প্লে-অফে উঠে গিয়েছে। বাকি একটি জায়গার জন্য লড়াই মুম্বই ও দিল্লির। বুধবার যদি মুম্বই-দিল্লি ম্যাচ ভেস্তে যায় তা হলেও সুযোগ থাকবে দু’দলের কাছে। তাদের আরও একটি করে ম্যাচ বাকি থাকবে। তবে সে ক্ষেত্রে মুম্বইয়ের ক্ষতি। কারণ, দিল্লিকে হারাতে পারলে তাদের প্লে-অফ পাকা হয়ে যাবে। এখন দেখার, হার্দিকদের স্বপ্নে বৃষ্টি জল ঢালে কি না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement