গোলের পর কাবো ভার্দের ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স।
কয়েক দিন আগে স্পেনের বিরুদ্ধে ড্র যে কাকতালীয় ছিল না, তা প্রমাণ করল কাবো ভার্দে। এ বার উরুগুয়েকেও আটকে দিল তারা। ২-২ গোলে ড্র হয়েছে খেলা। পর পর দু’ম্যাচে পয়েন্ট পেয়ে বিশ্বকাপের নকআউটের স্বপ্ন দেখছে পাঁচ লক্ষ জনসংখ্যার দেশ। শেষ ম্যাচে সৌদি আরবকে হারাতে পারলেই পরের রাউন্ডে চলে যাবে কাবো ভার্দে। দিনের শেষ ম্যাচে নিউ জ়িল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে পৌঁছেছে মহম্মদ সালাহের মিশর।
দিনের শুরুটা হয়েছিল স্পেনের হাত ধরে। প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে জাত চিনিয়েছে তারা। সৌদি আরবকে হারিয়ে ৪-০ গোলে। বিশ্বকাপ অভিষেকেই নজর কেড়েছেন লামিন ইয়ামাল। গোলের শুরুটা তাঁর পা থেকেই।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তবে আরও এক বার হতাশ করেছে বেলজিয়াম। প্রথম ম্যাচে মিশরের পর দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধেও ড্র করেছে তারা। ১০ জনে হয়ে যাওয়ায় বেলজিয়ামের পক্ষে জেতা কঠিন হয়ে পড়ে। পর পর ম্যাচে পয়েন্ট নষ্ট করে নিজেদের পথ নিজেরাই কঠিন করে ফেলেছেন রোমেলো লুকাকুরা।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তাদের হালকা ভাবে নিলে যে ভুগতে হবে তা আরও এক বার দেখিয়ে দিল কাবো ভার্দে। স্পেনের বিরুদ্ধে রক্ষণের প্রাচীর তুলে পয়েন্ট পেয়েছিল তারা। সেই রক্ষণ এক বারের জন্যও ভাঙতে পারেনি ২০১০ সালের বিশ্বজয়ী দল। উরুগুয়ের বিরুদ্ধে অবশ্য জেতার চেষ্টা করেছে কাবো ভার্দে। দু’গোল খেলেও দু’গোল দিয়েছে তারা।
শুরুটা করেছিল কাবো ভার্দেই। ২১ মিনিটে কেভিন পিনার গোলে এগিয়ে যায় তারা। কিন্তু বিরতির ঠিক আগে কয়েক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে উরুগুয়ে। ম্যাক্সিমিলিয়ানো আরাউহো ও আগুস্তিন কানোবায়োর গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশ। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে হেলিয়ো ভারেলার গোলে সমতা ফেরায় কাবো ভার্দে। তার পর আবার দেখা যায় তাদের সেই রক্ষণ। বাকি সময়ে সেই রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে।
এই ম্যাচের পর গ্রুপ এইচ-এ উরুগুয়ে ও কাবো ভার্দে দু’দলেরই পয়েন্ট ২। তবে গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের সামনে স্পেন। ফলে লাতিন আমেরিকার দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। অন্য দিকে কাবো ভার্দে নামবে সৌদির বিরুদ্ধে। এ বারের বিশ্বকাপে সৌদি যা খেলছে তাতে তাদের হারানো অসম্ভব নয়। শেষ ম্যাচ জিতলে কাবো ভার্দের পয়েন্ট হবে ৫। সে ক্ষেত্রে তাদের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সে কথাই শোনা গিয়েছে দলের কোচ বুবিস্তার মুখে। তিনি বলেন, “মাঠে নামলে আমরা দেখি না সামনে কতটা শক্তিশালী দল খেলছে। বিশ্বকাপে প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন, সবাই চাপে থাকে। আমরা সেটাই কাজে লাগাই। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলি।” আর্থিক ভাবে খুব একটা ভাল পরিস্থিতি নেই কাবো ভার্দের। অনেক সমস্যায় জর্জরিত তারা। ফুটবলেই তার জবাব দিতে চান বুবিস্তারা। তিনি বলেন, “আমাদের জীবন খুব কঠিন। আর্থিক সমস্যা রয়েছে। তাই ফুটবলটাই আমাদের স্বপ্ন। আমরা তার পিছনেই ছুটছি।”
প্রথম ম্যাচে জয় আসেনি। কিন্তু দ্বিতীয় ম্যাচে নিউ জ়িল্যান্ডকে ৩-১ গোলে হারাল মিশর। তবে শুরুতে পিছিয়ে পড়েছিল তারা। ১৫ মিনিটের মাথায় নিউ জ়িল্যান্ডকে এগিয়ে দেন ফিন সুরমান। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় মিশরের খেলা। ৫৮ মিনিটে মোস্তাফা জ়িকো, ৬৭ মিনিটে মো সালাহ ও ৮২ মিনিটে ত্রেজেগুয়েত গোল করেন। আর ফিরতে পারেনি নিউ জ়িল্যান্ড।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এই জয়ের ফলে ইরান ও বেলজিয়ামকে টপকে শীর্ষে মিশর। তবে এই গ্রুপ এখনও ওপেন রয়েছে। শেষে থাকলেও নিউ জ়িল্যান্ড বিদায় নেয়নি। শেষ ম্যাচে বেলজিয়ামকে হারাতে পারলে তারাও থাকবে নকআউটের লড়াইয়ে। আবার বেলজিয়াম ও ইরানেরও সুযোগ রয়েছে গ্রুপ শীর্ষে যাওয়ার। ফলে সকলের উপরে থাকলেও সন্তুষ্ট থাকতে পারছেন না সালাহেরা।