ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট দল। ছবি: পিটিআই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পাঁচ দিন পরেও দেশে ফিরতে পারল না ওয়েস্ট ইন্ডিজ়। তারা আটকে কলকাতাতেই। আটকে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তবে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটারদের হতাশা বেশি। কারণ চার্টার্ড বিমান জোগাড় হওয়ার পরেও ওড়ার অনুমতি পাওয়া যাচ্ছে না। হতাশ হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে সাহায্যের আর্তি জানিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার আকিল হোসেন!
সিএবি-র এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়, দুই দলেরই যাওয়ার বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি। দক্ষিণ আফ্রিকার চার জন ক্রিকেটার শুক্রবার রাতে নিউ জ়িল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারে। তবে সরকারি তথ্য এখনও আমাদের হাতে আসেনি।”
ওয়েস্ট ইন্ডিজ়ের জন্য চার্টার্ড বিমান আয়োজন করা হলেও তা এখনও কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার অনুমতি পায়নি। কবে পাবে তা-ও স্পষ্ট নয়। ফলে কলকাতাতেই অপেক্ষা করতে হচ্ছে গোটা দলকে। এ দিকে, ১৫ মার্চ থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই দলে থাকা কয়েক জন ক্রিকেটার দেশে না ফিরে সরাসরি নিউ জ়িল্যান্ডে যেতে পারেন।
এ দিন হোসেন টুইট করে লিখেছেন, “এই মুহূর্তে আমি একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই অনুরোধ করতে পারি আমাদের উদ্ধার করার জন্য।”
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আইসিসি-র কর্তা, দল পরিচালন সমিতির কর্তা এবং ক্রিকেটারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি চার্টার্ড বিমানের আয়োজন করা হয়েছে ক্রিকেটারদের দেশে ফেরানোর জন্য। ২৪ ঘণ্টার মধ্যে সেটি ওয়েস্ট ইন্ডিজ়ের দিকে উড়ে যাবে। সেই সময় এখনও আসেনি। ফলে ক্রিকেটারেরা বেশ হতাশ। অনেককেই কিছু দিন পর ভারতে ফিরতে হবে আইপিএল খেলতে। তার আগে ছুটি কাটানোর সময়ও হারাচ্ছেন তাঁরা।