ICC T20 World Cup 2026

রবিবার ভারত-পাক ম্যাচে বৃষ্টি হলে কী হবে, কতক্ষণ চলতে পারে খেলা, রিজ়ার্ভ ডে কি আছে, পয়েন্ট ভাগাভাগি হলে কাদের সুবিধা

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। নতুন আশঙ্কার কেন্দ্রে কলম্বোর আবহাওয়া। উদ্বিগ্ন ক্রিকেটপ্রেমীরাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১
Share:

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম। ছবি: এক্স।

কলম্বোয় রবিবার বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া দফতর। বিঘ্নিত হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ। পূর্বাভাস অনুযায়ী, রবিবার বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৬৫ শতাংশ। ম্যাচ শুরুর আগেই বৃষ্টিতে ভিজে যেতে পারে মাঠ। রবিবার বৃষ্টির জন্য খেলা না হলে কী হবে? পরের পর্বে যাওয়ার ক্ষেত্রে কতটা সমস্যায় পড়বেন সূর্যকুমার যাদব বা সলমন আলি আঘারা।

Advertisement

কত ওভার করে খেলতেই হবে?

টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার জন্য দু’দলকেই অন্তত ৫ ওভার করে ব্যাট করতে হবে। বৃষ্টির জন্য রবিবার পুরো খেলা সম্ভব না হলেও কোনও একটি দল জিততে পারে সে ক্ষেত্রে। রবিবার যে দল জিতবে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে যাবে। পরাজিত দলকে অপেক্ষা করতে হবে।

Advertisement

অতিরিক্ত দিন কি আছে?

গ্রুপ পর্বের ম্যাচের জন্য কোনও অতিরিক্ত দিন বা রিজ়ার্ভ ডে নেই। তাই সোমবার ম্যাচ হওয়ার সুযোগ নেই। যা হওয়ার রবিবারই হবে। প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ৬০ মিনিট বা ১ ঘণ্টা অতিরিক্ত সময় ধরে রেখেছে। বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী তার মধ্যে গ্রুপের খেলা শেষ হতে হবে।

শেষ সময় কখন?

রবিবার খেলা শুরু হওয়ার নির্ধারিত সময় ভারতে সন্ধ্যা ৭টা। শেষ হওয়ার নির্ধারিত সময় ভারতে রাত ১০.১০। সেই হিসাবে ভারতীয় সময় অনুযায়ী রাত ১১.১০-এর মধ্যে খেলা শেষ হতে হবে। ৫ ওভারের ম্যাচ হলেও তার মধ্যে খেলা শেষ করতে হবে।

ম্যাচ বাতিল হলে সুবিধা কাদের?

রবিবার কোনও ভাবেই ৫ ওভার করেও খেলা সম্ভব না হলে ম্যাচ বাতিল হিসাবে ধরা হবে। সে ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান দু’দলই ১ পয়েন্ট করে পাবে। তাতে উভয় দলের পয়েন্ট হবে ৩ ম্যাচে ৫। দু’দলই সুপার এইটে চলে যাবে। কারণ গ্রুপের বাকি তিন দল আমেরিকা, নামিবিয়া এবং নেদারল্যান্ডসের পক্ষে ৫ পয়েন্টে পৌঁছোনো সম্ভব নয়।

আশার কথা

আশঙ্কার পাশাপাশি আশার কথাও শুনিয়েছেন আবহবিদেরা। রবিবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কম। কলম্বোর সময় অনুযায়ী রাত ৯টার পর বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ। ফলে ভারত-পাক ম্যাচের উত্তেজনা থেকে হয়তো বঞ্চিত হবেন না ক্রিকেটপ্রেমীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement