IPL 2026

মঙ্গলবারও কলকাতায় বৃষ্টি! বৃহস্পতিবার ইডেনে কেকেআর-হায়দরাবাদ ম্যাচ কি ভেস্তে যাবে? কী বলছে আবহাওয়া দফতর

গত কয়েক দিন বৃষ্টি হয়েছে কলকাতায়। বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদ ম্যাচ রয়েছে। সেই ম্যাচে কি প্রভাব ফেলবে বৃষ্টি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৪:১৪
Share:

বৃহস্পতিবার কি ইডেনে এই দৃশ্য দেখা যাবে? —ফাইল চিত্র।

দিনের বেলা অস্বস্তি থাকলেও সন্ধ্যা গড়ালেই হচ্ছে বৃষ্টি। গত কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। মূলত সন্ধ্যার পরেই বৃষ্টি শুরু হচ্ছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিও হচ্ছে। বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদ ম্যাচ রয়েছে। সেই ম্যাচে কি প্রভাব ফেলবে বৃষ্টি?

Advertisement

গত কয়েক দিন দিনের বেলা গরম বাড়লেও মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। সকালেই কয়েক পশলা বৃষ্টি হয়েছে। যদিও বেলা বাড়ার সঙ্গে বৃষ্টি কমেছে। বৃহস্পতিবার কেমন আবহাওয়া থাকবে তার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মুখে হাসি ফোটাবে কেকেআর সমর্থকদের।

পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার থেকেই কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। দুই ২৪ পরগনায় মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতা ও হাওড়ায় সেই পূর্বাভাস নেই। বুধবার কলকাতা, হাওড়া-সহ দুই ২৪ পরগনাতেও শুষ্ক আবহাওয়া থাকবে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতরের এক আধিকারিকও তেমনটাই জানিয়েছেন আনন্দবাজার ডট কম-কে। তিনি বলেন, “কাল থেকে আগামী ছ’দিন কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। খেলায় কোনও বিঘ্ন হবে না।”

সোমবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের খেলা ছিল। রবিবারও সেখানে সারা দিন বৃষ্টি হয়েছে। কিন্তু সোমবার খেলা নির্বিঘ্নে হয়েছে। ইডেনেও খেলায় কোনও বিঘ্ন ঘটবে না বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

এ বারের আইপিএলে হার দিয়ে শুরু করেছে কেকেআর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২০ রান করেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে তারা। বৃহস্পতিবার চলতি মরসুমে প্রথম বার ঘরের মাঠে নামবে কেকেআর। জয়ে ফিরতে মরিয়া অজিঙ্ক রাহানেরা। সেই ম্যাচের আগে ভাল খবর দিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার নির্বিঘ্নেই হবে খেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement