Arjun Tendulkar and Saaniya Chandhok

অর্জুন-সানিয়ার সঙ্গীতে চাঁদের হাট, সচিন-পুত্রের অনুষ্ঠানে হাজির যুবরাজ, হরভজন, পাঠান ভাইয়েরা

বৃহস্পতিবার ৫ মার্চ মুম্বইয়ে বিয়ে সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনের। পাত্রী সানিয়া চন্দোক। বিয়ের আগে ছিল সঙ্গীত। তাতে হাজির ক্রিকেট জগতের খ্যাতনামীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৫:১৮
Share:

সঙ্গীত অনুষ্ঠানে অর্জুন তেন্ডুলকর (বাঁ দিকে) ও সানিয়া চন্দোক। ছবি: পিটিআই।

মুম্বইয়ে যে সময় ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবে ভারত, সেই সময়ই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবেন অর্জুন তেন্ডুলকর। বৃহস্পতিবার বিয়ে সচিন তেন্ডুলকরের পুত্রের। পাত্রী সানিয়া চন্দোক। বিয়ের আগে ছিল সঙ্গীত। তাতে হাজির ক্রিকেট জগতের খ্যাতনামীরা।

Advertisement

মঙ্গলবার মুম্বইয়ে অনুষ্ঠিত হল অর্জুন-সানিয়ার সঙ্গীত। পরিবার ও বন্ধুবান্ধবদের পাশাপাশি বেশ কিছু অতিথি উপস্থিত ছিলেন সেখানে। পাত্র অর্জুনকে দেখা যায় সোনালি কাজ করা শেরওয়ানি পরে। বাবা সচিনের পরনেও ছিল সোনালি কাজ করা শেরওয়ানি। সঙ্গে ছিল সবুজ রঙের কুর্তা। মা অঞ্জলি পরেছিলেন কালো রঙের উপর সোনালি কাজ করা লহেঙ্গা। অর্জুনের বোন সারার পরনে ছিল লাল-হলুদ লহেঙ্গা। আর কনে সানিয়া পরেছিলেন বেইজ রঙা সিকুইন বসানো লহেঙ্গা।

বিয়েতে হাজির ছিলেন যুবরাজ সিংহ ও তাঁর স্ত্রী হেজ়ল কিচ। স্ত্রী গীতা বসরার সঙ্গে গিয়েছিলেন হরভজন সিংহও। পরিচালক ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া, তাঁর স্ত্রী অনুপমা চোপড়া ও পুত্র অগ্নিদেব চোপড়াও গিয়েছিলেন সঙ্গীতে।

Advertisement

মুম্বইয়ের আর এক প্রাক্তন ক্রিকেটার জ়াহির খান স্ত্রী সাগরিকা ঘাটগেকে নিয়ে গিয়েছিলেন অর্জুন-সানিয়ার সঙ্গীতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকর ও তাঁর স্ত্রী ফাতিমা ঘাদিয়ালিও গিয়েছিলেন। পাঠান ভাইদেরও সেখানে দেখা যায়। স্ত্রী সাফা বেগকে নিয়ে ইরফান ও আফরিনকে নিয়ে ইউসুফ তেন্ডুলকর পরিবারের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট দল এখন মুম্বইয়েই। কিন্তু খেলা থাকায় তাদের কাউকে দেখা যায়নি। বৃহস্পতিবার ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলে তার পরে হয়তো সচিনের সঙ্গে দেখা করতে পারেন গম্ভীর, সূর্যকুমার যাদবেরা।

বিয়ের আগে গুজরাতের জামনগরে মুকেশ অম্বানীদের বাড়িতে বেশ কয়েকটি অনুষ্ঠান হয়েছে। সেখানে অতিথি আপ্যায়ণের দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছিলেন মুকেশ ও তাঁর স্ত্রী নীতা। সচিন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। অর্জুন এত দিনে সেখানেই খেলতেন। এ বার তিনি চলে গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসে। তবে বিয়েতে অর্জুন ও সানিয়ার একটি ৯২ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। বর-কনেকে শুভেচ্ছা জানিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement