আই লিগ এবং আইএসএল সংযুক্তিকরণ ঘটিয়ে গোটা দেশে একটাই লিগের জন্য ফেডারেশনের সঙ্গে বৈঠকে সম্মতি জানালেন ইস্টবেঙ্গল কর্তারা। সোমবার ফেডারেশন সচিব কুশল দাসের সঙ্গে সেই বৈঠকে হাজির ছিলেন ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার ও ইউবি গ্রুপের প্রতিনিধি অমিত সেন। বৈঠক শেষে ফেডারেশন সচিব বলেন, ‘‘মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও গোটা দেশে একটাই লিগ চায়। ওদের বক্তব্য শুনেছি। আগামী দিনে আরও আলোচনা হবে।’’ সূত্রের খবর, বৈঠকে ইস্টবেঙ্গল প্রতিনিধিরা জানিয়ে দেন, দুই লিগ এক হয়ে গেলে কলকাতা থেকেই প্রতিনিধিত্ব করবে ইস্টবেঙ্গল। দেবব্রতবাবুও বললেন, ‘‘গোটা দেশে একটাই লিগ চাই, যা ফিফা নিয়ম মেনে চলবে। সেটাই ফেডারেশনকে জানিয়ে এসেছি।’’
এ দিকে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতির জন্য মে মাসে গোয়ায় ভারতকে নিয়ে পাঁচ দেশের টুর্নামেন্ট করতে চলেছে ফেডারেশন। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সম্মতি দিয়েছে খেলার। টুর্নামেন্টের বাকি দুই দল হতে পারে ইরান ও মালয়েশিয়া।