লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।
এ বারের ফুটবল বিশ্বকাপে তিনি খেলবেন কি না সেটা নিয়েই এক সময় সংশয় ছিল। তবে জল্পনা দূর করে লিয়োনেল মেসি বিশ্বকাপে খেলছেন। কিন্তু এর পর? বিশ্বকাপ শেষ হলে কি তাঁকে দেখা যাবে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। এ দিকে, চোটের কারণে প্রথম অনুশীলনে আলাদা করে গা ঘামিয়েছেন মেসি।
৩৮ বছর বয়স মেসির। পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম। তা হলে আমেরিকাতেই কি শেষ অভিযান? এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, “যত দিন ইচ্ছা তত দিন খেলতে পারে মেসি। আমরা জানি ও কেমন খেলে। তাই ষষ্ঠ বার বিশ্বকাপ খেলতে নামবে দেখে অবাক হইনি।”
স্কালোনি জানিয়েছেন, মেসি এতগুলি রেকর্ড ভাঙা এবং এত ট্রফি জেতার পরেও ফুটবলের প্রতি আবেগ এবং খিদের কারণে সব সময়ে শীর্ষে থাকতে চান। স্কালোনির কথায়, “মেসি সব সময় সেরা থাকতে চায়। সব সময় দেখিয়ে দেয় যে ও আরও কিছু জিততে চায়।”
বিশ্বকাপ এ বার আগের চেয়ে বেশি সময় ধরে চলবে। মেসির ধকল কী ভাবে নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে মুখ খুলেছেন স্কালোনি। তাঁর ব্যাখ্যা, জোর করে মেসির উপরে কিছু চাপিয়ে দেওয়া হবে না। পুরোটাই মৌখিক সম্মতির ভিত্তিতে, একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্কালোনি বলেছেন, “আমরা যা-ই সিদ্ধান্ত নিই, ওকে আগে জিজ্ঞাসা করি। এখানে বসে বলা মুশকিল যে আমি ঠিক কী কী করব। আমি আগে মেসির সঙ্গে কথা বলে নেব এবং দেখব ও আমার কথায় রাজি কি না। এ ভাবেই হওয়া উচিত বিষয়টা। অনেক সমস্যা উপেক্ষা করে মেসি আমাদের হয়ে খেলে। অনেক কিছু দিয়েছে দেশকে।”
কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলনে মেসিকে আলাদা করে ঘাম ঝরাতে দেখা গিয়েছে। এখনও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন কিনি। ২৪ মে-র পর থেকে খেলেননি। পেশির ক্লান্তিও রয়েছে। ফিজ়িয়োথেরাপি দলের সঙ্গে আলাদা করে পরিশ্রম করছেন মেসি। বাকি যাঁদের চোট রয়েছে, তাঁরাও মূল দলের সঙ্গে অনুশীলন করেননি। প্রত্যেকেরই শারীরিক অবস্থা ভাল বলে জানা গিয়েছে।