উচ্ছ্বাস: দলের চতুর্থ গোল করার পরে উৎসব জেসুসের। ছবি: রয়টার্স।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ঘরের মাঠে হেরে খেতাব জয়ের রাস্তায় কাঁটা তৈরি হয়েছিল। দাপটের সঙ্গে জয়ের রাস্তায় ফিরে চ্যাম্পিয়ন হওয়ার আশা জিইয়ে রাখল আর্সেনাল। সেই সঙ্গে ম্যান ইউয়ের কাছে হারের পরে তাদের যে মানসিক শক্তি নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তার যোগ্য জবাব দিলও মিকেল আর্তেতার দল। চার গোলে লিডসকে উড়িয়ে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার সঙ্গে পয়েন্টের ব্যবধানও তারা বাড়িয়ে নিয়ে গেল সাতে। তবে রবিবারই সেই ব্যবধান কমিয়ে আনতে পারে পেপ গুয়ার্দিওলার দল। ম্যান সিটি নামছে টটেনহ্যামের বিরুদ্ধে, যারা লিগ টেবলে এই মুহূর্তে ১৪ নম্বরে রয়েছে।
আর্সেনালের শনিবারের জয়ের নায়ক নোনি মাদুয়েকে। যাঁর এই ম্যাচ খেলার কথাই ছিল না। উইঙ্গার বুকায়ো সাকা ওয়ার্ম-আপের সময় চোট পাওয়ায় মাদুয়েকে প্রথম একাদশে ঢোকেন এবং দু’টি গোলের রাস্তা তৈরি করে দিয়ে আর্সেনালকে তিন ম্যাচ পরে জয়ে ফেরান। যদিও গোলদাতার তালিকায় মাদুয়েকের নাম পাওয়া যাবে না। আর্সেনালের হয়ে চারটি গোল করেন মার্টিন জুবিমেন্দি, ডারলো, গিয়োকোরেস ও গ্যাব্রিয়েল জেসুস। লিগ টেবলে এই মুহূর্তে আর্সেনাল শীর্ষে রয়েছে ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে। দুই নম্বরে ম্যান সিটি, ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট। ২৩ ম্যাচে সমসংখ্যক পয়েন্ট এবং কম গোল পার্থক্য নিয়ে অ্যাস্টন ভিলা তিনে। ম্যান সিটি ও আর্সেনালের বিরুদ্ধে স্বপ্নের জোড়া জয়ের পরে মাইকেল ক্যারিকের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রবিবার নামছে ফুলহ্যামের বিরুদ্ধে। চেলসি শনিবার ৩-২ গোলে ওয়েস্টহ্যামকে হারানোয় ম্যান ইউ চলে এসেছে পাঁচ নম্বরে (২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট)।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে