—প্রতীকী চিত্র।
শনিবারই সন্তোষ ট্রফিতে ফুটবলারদের ভোগান্তি নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে কড়া ভাষায় চিঠি দিয়েছিল বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থা (আইএফএ)। শেষ আটের সূচি পরিবর্তনের দাবিও জানানো হয়েছিল। চব্বিশ ঘণ্টার মধ্যে সেই দাবি মেনে নিয়ে ফেডারেশন সূচি এক দিন পিছিয়ে দিয়েছে। অর্থাৎ সোমবারের পরিবর্তে মঙ্গলবার শেষ আটের দ্বৈরথে নামবে বাংলা। রবি হাঁসদাদের প্রতিপক্ষ সার্ভিসেস।
গত বারের চ্যাম্পিয়ন বাংলা গ্রুপ ‘এ’-র শীর্ষে থেকেই শেষ আটের যোগ্যতা অর্জন করেছে। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে অসমের বিরুদ্ধে খেলার পরে প্রায় বারো ঘণ্টা বাসযাত্রা করে হোটেলে পৌঁছতে হয় গোটা দলকে। নেপথ্যে ছিল রাজনৈতিক কর্মসূচি এবং মিসিং জনজাতির উৎসব। ফলে সেই অবস্থায় ফুটবলারদের পক্ষে ধকল কাটিয়ে মাত্র আটচল্লিশ ঘণ্টার মধ্যে সোমবার শেষ আটে খেলা ছিল একপ্রকার অসম্ভব। সেই কারণ দেখিয়ে ম্যাচ পিছনোর দাবি করে ফেডারেশনকে চিঠি দেওয়া হয় আইএফএ-র তরফে। রবিবার সকালে প্রতিযোগিতা কমিটিকে চিঠি দিয়ে সূচি পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছে ফেডারেশন। যদিও ওয়াকিবহাল মহলের মত, রবিবার সকালে কেরল বনাম সার্ভিসেস ম্যাচের জন্যই শেষ আটের খেলা মঙ্গলবারে দেওয়া হয়েছে।
এ দিন সকালে কেরলকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘বি’-থেকে চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সার্ভিসেস। ফলে গ্রুপ ‘এ’-র শীর্ষে থাকা বাংলাকে খেলতে হবে গ্রুপ ‘বি’-র চতুর্থ স্থানে থাকা সার্ভিসেসের বিরুদ্ধে। মঙ্গলবারই হবে চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ। রবিবার থেকে সার্ভিসেস ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল বাংলা।
কোয়ার্টার ফাইনালের সূচি: রেলওয়েজ় বনাম রাজস্থান (সকাল ৯.০০)। তামিলনাড়ু বনাম পঞ্জাব (সকাল ৯.০০)। বাংলা বনাম সার্ভিসেস (দুপুর ২.০০)। কেরল বনাম অসম (দুপুর ২.০০)।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে