FIFA World Cup 2026

অবশেষে আক্রমণ সাজিয়ে ফেলেছে ব্রাজ়িল! তবে তা নিয়ে কত দূর যেতে পারবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা, উঠছে প্রশ্ন

মরক্কোর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলেও দুর্বল হাইতিকে সহজে হারিয়েছে ব্রাজ়িল। দেখে মনে হয়েছে, অবশেষে ব্রাজ়িলের আক্রমণ সাজানো। কিন্তু এখনও সমস্যা মেটেনি তাদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৯:৩৪
Share:

গোলের পর ব্রাজ়িলের ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স।

দুর্বল হাইতির বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ব্রাজ়িল। মরক্কোর বিরুদ্ধে কোনও রকমে ড্র করার পর অবশেষে স্বস্তি পেয়েছেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকেরা। কিছুটা হলেও আত্মবিশ্বাস বেড়েছে কার্লো আনচেলোত্তির ছেলেদের। দেখে মনে হয়েছে, অবশেষে ব্রাজ়িলের আক্রমণ সাজানো। কিন্তু এখনও কি সব সমস্যা মিটেছে ব্রাজ়িলের? যা পরিস্থিতি তাতে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে ইংল্যান্ডের সঙ্গে। হ্যারি কেনদের মুখোমুখি হওয়ার জন্য কি তৈরি ব্রাজ়িল?

Advertisement

হাইতির বিরুদ্ধে প্রথমার্ধে জোড়া গোল করেন ম্যাথিয়াস কুনহা। একটি গোল ভিনিসিয়াস জুনিয়রের। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইগর থিয়াগো। হতাশ করেছিলেন তিনি। তাই হাইতির বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কুনহাকে সুযোগ দেন আনচেলোত্তি। সুযোগ কাজে লাগিয়েছেন কুনহা। ভিনিসিয়াস ও রাফিনহার সঙ্গে তাঁদের ত্রিমুখী আক্রমণ ভাল দেখিয়েছে। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ব্রাজ়িল।

তবে একটিই খারাপ খবর ব্রাজ়িলের জন্য। রাফিনহা চোট পেয়েছেন। মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। নেমার কতটা সুস্থ তা নিয়ে সংশয় তো রয়েছেই। তার উপর যদি রাফিনহা চোট পান তা হলে সমস্যা বাড়বে ব্রাজ়িলের।

Advertisement

ব্রাজ়িলের বিরুদ্ধে ৩ গোল খেলেও হাইতির লজ্জার কিছু নেই। তারা অসহায় আত্মসমর্পণ করেনি। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ করেছে তারা। ব্রাজ়িলের গোলরক্ষক অ্যালিসান বেকারকে বেশ কয়েকটি ভাল সেভ করতে হয়েছে। নইলে সমস্যা হতে পারত ব্রাজ়িলের।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এটাই কি ব্রাজ়িলের সেরা আক্রমণভাগ?

মরক্কোর বিরুদ্ধে হতাশ করেছিলেন থিয়াগো। তাই পরের ম্যাচে যে তিনি খেলবেন না তা নিশ্চিত ছিল। সুযোগ কাজে লাগিয়েছেন কুনহা। ভিনিসিয়াস ও রাফিনহার সঙ্গে তাঁর জুটি ভাল দেখিয়েছে। তিন জনের মধ্যে বোঝাপড়া রয়েছে। হ্যাঁ, রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনহোর আক্রমণের ধারেকাছে না থাকলেও এই ত্রিমুখী আক্রমণকে খারাপ দেখায়নি।

নেমারকে কি প্রয়োজন পড়বে ব্রাজ়িলের?

নেমারকে এখনও বিশ্বকাপে নামানো যায়নি। এমনকি, হাইতি ম্যাচেও ১৮ জনের দলে রাখা যায়নি তাঁকে। তাতে অবশ্য ব্রাজ়িলের জিততে সমস্যা হয়নি। কিন্তু নেমারের মতো ফুটবলারকে প্রয়োজন পড়তে পারে ব্রাজ়িলের। হ্যাঁ, আগের সেই নেমারকে হয়তো পাবেন না আনচেলোত্তি। তবে শেষ বিশ্বকাপে নেমারকে যদি মানসিক ভাবে চাঙ্গা করতে পারেন আনচেলোত্তি, তা হলে তিনি ব্রাজ়িলের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন। তবে তার জন্য তো মাঠে নামতে হবে নেমারকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এই দল নিয়ে কত দূর যেতে পারবে ব্রাজ়িল?

গত দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজ়িলকে। এ বারও সেই দৃশ্য দেখা যেতে পারে। কারণ, শেষ আটে ব্রাজ়িলের সামনে পড়তে পারে ইংল্যান্ড। হ্যারি কেনদের দল যা ফর্মে রয়েছে তাতে ব্রাজ়িলের সমস্যা হতে পারে। হয়তো বিশ্বকাপের ইতিহাসে প্রথম বার পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামকে ভয় পাবে না ইংল্যান্ড।

দুর্বল হাইতির বিরুদ্ধে হয়তো ব্রাজ়িল ৩ গোল দিয়েছে, কিন্তু তাদের আসল ছবি সকলের সামনে প্রকাশ করে দিয়েছে মরক্কো। গোটা ম্যাচে মরক্কোকে ধাওয়া করেছে তারা। ভিনিসিয়াসের একক দক্ষতায় গোল না এলে হয়তো হেরে বিশ্বকাপ শুরু হত ব্রাজ়িলের। হাইতিকে হারালে তাই সাময়িক স্বস্তি পেলেও চিন্তা মিটবে না আনচেলোত্তির। ব্রাজ়িলের সামনে কঠিন পথ। কত দূর যেতে পারবেন তাঁরা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement