FIFA World Cup

রোনাল্ডোর পরীক্ষা মেসির মায়ামিতে

কিছু কিছু মানুষ আছেন, যাঁদের পরীক্ষা শেষ হয় না। যতই সফল হও, রেকর্ড যা-ই বলুক, প্রশ্ন শেষ হয় না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সে রকমই এক চরিত্র।

সুমিত ঘোষ

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৬:২৫
Share:

নজরে: ধারাবাহিকতা কি দেখাতে পারবেন রোনাল্ডো? ছবি: রয়টার্স।

দলের জন্য খেলেন, না কি স্বার্থপর? শুধু কি নিজের গোল নিয়েই চিন্তিত?

পুরো নব্বই মিনিট খেলার মতো দম আছে এখনও? না কি পরিবর্ত হিসেবে আনা উচিত?

পর্তুগাল শিবিরে গৃহযুদ্ধ কি সত্যিই থেমেছে? না কি সাময়িক ছাইচাপা দিয়ে রাখা হয়েছে? যে কোনও মুহূর্তে আবার দাবানলের মতো ছড়িয়ে পড়বে না তো?

উজ়বেকিস্তানের ফিফা র‌্যাঙ্কিং ৫৭। তাদের বিরুদ্ধে জোড়া গোলকে কি প্রত্যাবর্তন বলে ধরব, না ধরব না?

কিছু কিছু মানুষ আছেন, যাঁদের পরীক্ষা শেষ হয় না। যতই সফল হও, রেকর্ড যা-ই বলুক, প্রশ্ন শেষ হয় না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সে রকমই এক চরিত্র। প্রথম ম্যাচে ইংরেজ সংবাদমাধ্যমের থেকে ‘মূর্তি’ আখ্যা পাওয়া। উজ়বেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোলে যোগ্য জবাব। কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামার আগে তবু লেখা যাচ্ছে না, সকলের হৃদয় জিতে নেওয়া এক সম্রাট এসেছেন মায়ামিতে। বরং এটাই লিখতে হচ্ছে যে, সি আর সেভেন নতুন অগ্নিপরীক্ষা দিতে নামছেন।

যথারীতি তাঁকে নিয়ে ফুটবলবিশ্ব এফোঁড়-ওফোঁড়। এক দলের মত, রোনাল্ডো অবশ্যই সর্বকালের সেরা। আগের ম্যাচে চোখে আঙুল দিয়ে তো দেখিয়ে দিল। অন্যদের বক্তব্য, বিশ্বকাপে অনেক রাস্তা যাওয়া এখনও বাকি। আরও কয়েকটা ম্যাচ না দেখে বলা যাবে না মরীচিকা ছিল না সত্যিই জলের সন্ধান পেয়েছে পর্তুগাল।

আর শুধু মায়ামি তো নয় যে, রোনাল্ডোর জন্য এখানকার বিখ্যাত সমুদ্রসৈকতের সৌন্দর্যই শুধু অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে। ফুলের সঙ্গে কাঁটাও থাকছে। এটা যে মেসির মায়ামি! দু’জনকে দেখে শোলের জয়-বীরু জুটি কোনও কালেই মনে পড়েনি, বরং ঠান্ডা লড়াইয়ের স্রোত বরাবরই তাঁদের সম্পর্ককে হিমশীতল করে রেখেছে। আর এ বার তো দেখেশুনে মনে হচ্ছে চলতি বিশ্বকাপে সৌজন্যের আবরণটুকুও না খুলে পড়ে! উজ়বেকিস্তান ম্যাচের পরে আর্জেন্টিনীয় তারকাকে নিয়ে প্রশ্নে যে ভাবে সম্পূর্ণ অবজ্ঞা উপহার দিয়েছেন রোনাল্ডো, তাতেই পরিষ্কার মেসির ‘মে’ পর্যন্ত শুনতে চাইছেন না।

হিউস্টনেই এই, তা হলে মায়ামিতে ‘মেসি-ম্যানিয়া’র সন্ধান পেলে রোনাল্ডোর কী প্রতিক্রিয়া হবে? হার্ড রক স্টেডিয়ামে বসে স্থানীয় এক জনের মুখে শুনছিলাম, ইন্টার মায়ামির জার্সি আগে হাতে গোনা কয়েকটা বিক্রি হত। এখন স্টোরগুলোতে গিয়ে মেসির দশ নম্বর পাওয়া যায় না। ইন্টার মায়ামি ক্লাবের মূল্য আকাশছোঁয়া হয়ে গিয়েছে। সমাজমাধ্যমে ভক্তের সংখ্যায় তারা এমনকি এনএফএল, এনবিএ ক্লাবগুলিকেও ছাপিয়ে যাচ্ছে। যা আমেরিকার মাটিতে কেউ কখনও ভাবতে পারেনি। নক-আউট পর্বে মেসির আর্জেন্টিনা এখানে খেলতে আসতে পারে। তখন যে কী বাঁধনহারা অবস্থা হবে, তা ভেবে এখন থেকেই স্থানীয় আয়োজকেরা শঙ্কিত। আপাতত বিশ্বকাপে দুই সেরার দ্বৈরথের স্কোরলাইন — মেসি ৫, রোনাল্ডো ২। মায়ামিতে কি রোনাল্ডো ব্যবধান কমাতে পারবেন?

এমন নয় যে, রোনাল্ডো সম্পূর্ণ সমর্থনহীন, একাকী। মায়ামি এমনিতেই সারা পৃথিবীর ট্যুরিস্টদের সেরা গন্তব্য। সারা বছর ভিড় লেগে রয়েছে। বিশ্বকাপ উপলক্ষে যেন ফুটবল মহোৎসব চলছে। এখানকার খুব পুরনো ও বিখ্যাত রেস্তোরাঁ ওল্ড লিসবন। সেখানে পর্তুগালের পতাকা, সাত নম্বর জার্সি, স্কার্ফ ঝুলছে। রোনাল্ডোর দেশের অনেকে সেখানে খেতে যাচ্ছেন এবং সি আর সেভেনের নামে জয়ধ্বনি দিতে দিতে ফিরছেন। ডাউনটাউন মায়ামির বে ফ্রন্ট পার্কে বসেছে ফিফা ফ্যান ফেস্ট। ২৩ দিন ধরে সেখানে রীতিমতো ‘কার্নিভাল’-এর মেজাজ চলবে। এখানে ঢুকতে কোনও পয়সা লাগে না, মাঠের টিকিট না পেলে দ্বিতীয় বিকল্প হিসেবে মোটেও খারাপ নয় এই ফ্যান ফেস্ট পার্কগুলি। বিশাল জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা যাবে, সঙ্গে খাওয়াদাওয়া, ডিজে-র লাইভ মিউজ়িক। মায়ামিতে দৈনিক তিরিশ হাজার ফুটবল অনুরাগীর ভিড় হচ্ছে ফ্যান ফেস্টে।

এখন সেখানে উপচে পড়া ভিড় পর্তুগালের সমর্থকদের। আর্জেন্টিনা, ব্রাজ়িল, ফ্রান্স বা স্পেনের সমর্থকদের গায়ে মেসি, নেমার, এমবাপে বা ইয়ামাল ছাড়াও অন্য জার্সি তা-ও কয়েকটা চোখে পড়বে। পর্তুগালের কালচে লাল জার্সিতে শুধুই রোনাল্ডো এবং রোনাল্ডো। শুধুই সাত নম্বর এবং সাত নম্বর। ফ্যান ফেস্টে রোনাল্ডোকে নিয়ে এক ভক্ত খুব উত্তেজিত ভাবে বলছিলেন, ‘‘কে বলল ক্রিশ্চিয়ানো টিমের জন্য খেলে না? নিজের জন্য খেলে? আগের দিন তো নিজে ফ্রি-কিক না নিয়ে ছেড়ে দিল? আর গোলগুলো ও কার জন্য করছে? শুধু নিজের রেকর্ডে জমা থাকছে নাকি পর্তুগালকে জিততে সাহায্য করছে?’’ এক তরুণী ভক্তকে বলতে শোনা গেল, ‘‘আমি বড় হয়েছি ক্রিশ্চিয়ানোর খেলা দেখে। আমার কাছে পর্তুগাল মানে সি আর সেভেন। খারাপ উদ্দেশ্য নিয়ে ওর গায়ে কালো দাগ লাগানোর চেষ্টা চলছে। আমরা চাই, ঈশ্বর ওঁর পাশে থাকুন।’’ পর্তুগালের সমর্থকেরা সেখানে একজোট হয়ে রোনাল্ডোর বিখ্যাত ‘সিউউউউউউউ’ উৎসবও করতে থাকেন। তার পর এক সঙ্গে বলে ওঠেন, ‘‘ক্রিশ্চিয়ানো, আমরা তোমার পাশে। আমরা জানি, তুমিই সেরা। সকলকে যা আনন্দ দিয়েছ, তার জন্য একটা বিশ্বকাপ তোমার প্রাপ্য।’’

মেসির মায়ামিকে আপাতত রোনাল্ডোর মায়ামিতে পরিণত করতে এঁদের চেষ্টার খামতি থাকবে না। কিন্তু তাঁর দল কী বলছে? যে সংসারে তাঁকে নিয়ে আগুন জ্বলার কথা শোনা যাচ্ছিল ক’দিন আগেও। পর্তুগালের উইঙ্গার পেদ্রো নেতো— যাঁকে এই বিশ্বকাপের সব চেয়ে সুদর্শন ফুটবলার বলা হচ্ছে— তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৃহস্পতিবার। রোনাল্ডোকে নিয়ে প্রশ্ন উঠতেই বেশ গম্ভীর দেখায় তাঁকে। ‘‘দলের সবাই ক্রিশ্চিয়ানোর জন্য খুশি। গোল করা জন্যই ও মাঠে নামে, গোল করার জন্যই বাঁচে। পর্তুগালের প্রতি ওর যা অবদান, তা মনে রেখে আমরা সকলে ওকে বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণে সাহায্য করতে চাই।’’ কিন্তু নেতো যখন রোনাল্ডোর স্বপ্নপূরণে সারথি হওয়ার কথা বলছেন, তখনই আবার কয়েকটি পডকাস্টে তাঁর বিরোধীরা প্রশ্ন তুলেছেন, ‘‘উজ়বেকিস্তানের বিরুদ্ধে জিতে আই অ্যাম ব্যাক বলল কেন? সেই আমি আর আমি। বলতে তো পারত, পর্তুগালইজ় ব্যাক!’’

এক-এক সময় মনে হবে, সত্যিই এত দুর্ধর্ষ সব পরিসংখ্যান তো হাতের কাছেই রয়েছে রোনাল্ডোর ফুটবল শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। তার পরেও এত সংশয় কীসের? এত প্রশ্ন কেন? এত কাঁটা বিছানো কেন তাঁর রাস্তা? সরকারি ভাবে স্বীকৃত দেশ ও ক্লাবের খেলা মিলিয়ে সর্বাধিক গোল রয়েছে তাঁর নামের পাশে— ৯৭৫। পর্তুগালের হয়ে ১৪৫ গোল। দেশের হয়ে কেউ তাঁর চেয়ে বেশি গোল করেননি। মেসি ১২২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে। পাঁচটা বালঁ দ্যর, সাতটি চ্যাম্পিয়ন্স লিগ গোল্ডেন বুট। দেশের হয়ে সব চেয়ে বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করার রেকর্ড। এই বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের মধ্যে সব চেয়ে বয়স্কদের তালিকায় দ্বিতীয় তিনি, তাই কতটা সক্রিয় তা নিয়ে কথা উঠতেই পারে। কিন্তু তিনি তো গোল করেও জবাব দিচ্ছেন।

থিয়েরি অঁরি— যিনি ডিআর কঙ্গোর বিরুদ্ধে ম্যাচের সময় রোনাল্ডোর সমালোচনা করেছিলেন, তিনি এখন পর্তুগালের বাকি ফুটবলারদের উদ্দেশে কী বার্তা দিচ্ছেন শুনুন, ‘‘বিগ ম্যানকে পাস বাড়াও। যত বেশি তোমরা সেটা করবে, তত পর্তুগালের গোলের দরজা খুলবে।’’ পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেস বলছেন, ‘‘ক্রিশ্চিয়ানো সকলের কাছে উদাহরণ। এত শৃঙ্খলাপরায়ণ ফুটবলার আর দেখিনি। এখনও দৌড়চ্ছে, মাঠে খোলা জায়গা তৈরি করে দিচ্ছে, প্রতিপক্ষের রক্ষণে ত্রাস সৃষ্টি করছে।’’ শোনা যাচ্ছে,রোনাল্ডো যে নিজে ফ্রি-কিক না নিয়ে ছেড়ে দিয়েছেন, তার নেপথ্যে মার্তিনেসের সহকারী অস্টিন ম্যাকফি। পর্তুগালের সেটপিস কোচ। অ্যাস্টন ভিলাতেও আছেন। তিনিই নাকি মার্তিনেসের দূত হয়ে রোনাল্ডোকে বুঝিয়েছেন, সব ফ্রি-কিক তুমি একা মারতে যেয়ো না। তাতে দলীয় সংহতি রক্ষা করা গিয়েছেবলে অনুমান।

রেকর্ডের ঝাড়লণ্ঠন থাকা এক আর বাস্তবের কঠিন জমিতে দাঁড়ানো আর এক। লোকে মনে করিয়ে দেবে, কলম্বিয়া আর উজ়বেকিস্তান এক নয়। শাকিরা নিজের দেশের হয়ে গলা ফাটাতে আসবেন কি না, তা জানা না গেলেও এই তথ্য তো হাতের সামনেই রয়েছে যে, মায়ামিতে অন্তত পাঁচ লক্ষ চল্লিশ হাজার কলম্বিয়ানের বসবাস। তাঁরা হামেস রদ্রিগেসদের সমর্থন করতে আসবে না, ভাবা ভুল। স্থানীয় পুলিশ বিভাগ ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে, ম্যাচের দিন অনেক সময় হাতে নিয়ে মাঠের দিকে রওনা দিন। রাস্তায় প্রবল ট্র্যাফিক জ্যাম হওয়ার আশঙ্কা রয়েছে। পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেসও বলে গেলেন, “আমাকে সেই নভেম্বরে টিকিট কেটে রাখতে হয়েছিল পরিবার খেলা দেখতে আসবে বলে। আমি জানতাম টিকিট পাওয়া খুব কঠিন হবে। আশা করব কাল ফুটবল জিতবে। এই উন্মাদনা তো খেলাটার জন‌্যই খুব ভাল লক্ষণ। কলম্বিয়ার সঙ্গে ম‌্যাচ নিয়ে বললেন, “আমরা জেতার উপরে লক্ষ‌্য স্থির করছি। নক-আউটে কারা প্রতিপক্ষ হবে তা নিয়ে এখনই ভাবছি না। একটা জিনিস মাথায় রাখবেন, বিশ্বকাপ জিততে গেলে কিন্তু যে কোনও দলকে হারানোর মতো দক্ষতা ও মনোবল থাকতে হবে।”

ব্রাজ়িলে ২০১৪ বিশ্বকাপে নায়ক হয়ে উঠেছিলেন হামেস রদ্রিগেস। এখনও তিনি কলম্বিয়া ফুটবলের অন‌্যতম প্রধন মুখ। যথেষ্ট ভাল খেলে চলেছেন। রিয়ালে একসঙ্গে খেলার সময় থেকে রোনাল্ডোর খুব ভাল বন্ধুও। লুইস দিয়াজ়, রিচার্ড রিয়োস-রা আছেন। দু’টি ম্যাচের দু’টিতেই জিতে ম্যানেজার নেস্টর লোরেঞ্জোর দল গ্রুপ শীর্ষে রয়েছে। যদি কলম্বিয়াকে হারিয়ে পর্তুগাল গ্রুপের সেরা হতে পারে, তা হলে নক-আউট পর্বে প্রথম পাবে প্যারাগুয়েকে, তার পর বেলজিয়ামকে, তার পর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে মেসির আর্জেন্টিনার। আর এই ম্যাচ হেরে গেলে বা ড্র করলে গ্রুপের দ্বিতীয় হবে, সেক্ষেত্রে প্রথমেই পড়তে পারে ইংল্যান্ডের সামনে। তার পর স্পেন, কোয়ার্টার ফাইনালে ফ্রান্স।

রোনাল্ডোর প্রত্যাবর্তনই শুধু ঘটেছে, পরীক্ষা এখনও শেষ হয়নি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন