Durand Cup 2025

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ, জানিয়ে দেওয়া হল তিন প্রধানের বাকি ম্যাচ কবে, কোথায়

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ দিয়েই উদ্বোধন হতে চলেছে ডুরান্ড কাপের। আগামী ২৫ জুলাই, বিকেল ৫টা থেকে যুবভারতীতে হবে ওই ম্যাচ। বাকি সূচি কী রকম?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ২০:২৮
Share:

কলকাতা ডার্বির একটি মুহূর্ত। — ফাইল চিত্র।

প্রতি বার ডুরান্ড কাপে এক গ্রুপে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে রাখা এক রকম অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এ বারও তার ব্যতিক্রম হয়নি। ভারতীয় ফুটবলের সবচেয়ে জনপ্রিয় সেই ম্যাচ দিয়েই উদ্বোধন হতে চলেছে ডুরান্ড কাপের। আগামী ২৫ জুলাই, বিকেল ৫টা থেকে যুবভারতীতে হবে ওই ম্যাচ।

Advertisement

ডুরান্ড কাপ ২৫ জুলাই থেকে ২৩ অগস্ট পর্যন্ত খেলা হবে। ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। কলকাতার পাশাপাশি রাঁচী, ইম্ফল, শিলং এবং গুয়াহাটিতে খেলা হবে।

ডুরান্ডের শুরুতে কলকাতা ডার্বি হওয়ার পর প্রথম মাঠে নামবে ইস্টবেঙ্গল। ৩১ জুলাই তাদের ম্যাচ সিআইএসএফ প্রোটেক্টর্সের বিরুদ্ধে। ৭.৩০টা থেকে সেই ম্যাচ হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ৪ জুলাই মাঠে নামবে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি। সন্ধ্যা ৭টা থেকে যুবভারতীতে রয়েছে সেই ম্যাচ। ৭ অগস্ট ইস্টবেঙ্গলের তৃতীয় ম্যাচ সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। সন্ধ্যা ৭টা থেকে খেলা হবে যুবভারতীতে। ১০ অগস্ট কিশোর ভারতীতে মোহনবাগানের প্রতিপক্ষ সিআইএসএফ প্রোটেক্টর্স। বিকেল ৪টে থেকে হবে ম্যাচ।

Advertisement

মহমেডানের তিনটি ম্যাচ যথাক্রমে বাঘপত এফসি (২৭ জুলাই, কিশোর ভারতী, সন্ধ্যা ৭টা), সমলেশ্বরী স্পোর্টিং (২ অগস্ট, যুবভারতী, বিকেল ৪টে) এবং ভারতীয় সেনাবাহিনী (১২ অগস্ট, সন্ধ্যা ৭টা, যুবভারতী)।

১৬ এবং ১৭ অগস্ট রয়েছে কোয়ার্টার ফাইনাল। দু’টি ম্যাচ কলকাতায় হবে। বাকি দু’টি যথাক্রমে রাঁচী এবং শিলংয়ে। সেমিফাইনাল ১৯ এবং ২০ অগস্ট, যথাক্রমে কলকাতা এবং শিলংয়ে। ফাইনাল ২৩ অগস্ট, কলকাতায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement