East Bengal

মরসুম শেষেই ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়ছেন, মুম্বই ম্যাচের আগে ঘোষণা কোচ অস্কারের, ক্লাবের প্রতি ক্ষোভ

গত কয়েক দিন ধরেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। অবশেষে রবিবার সেই জল্পনাই সত্যি হল। মুম্বই সিটি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে অস্কার ব্রুজ়ো সরকারি ভাবে জানিয়ে দিলেন, মরসুম শেষ হলেই ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৭:২২
Share:

ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো। ছবি: সমাজমাধ্যম।

গত কয়েক দিন ধরেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। অবশেষে রবিবার সেই জল্পনাই সত্যি হল। মুম্বই সিটি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে অস্কার ব্রুজ়ো সরকারি ভাবে জানিয়ে দিলেন, মরসুম শেষ হলেই ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়ছেন তিনি। এই সিদ্ধান্ত একান্তই নিজের বলে দাবি করেছেন অস্কার। দলের সকলকে এ কথা জানিয়েও দিয়েছেন। তিনি ছত্রে ছত্রে দুষেছেন ক্লাবের পরিকল্পনাহীন মানসিকতাকে।

Advertisement

এ দিন অস্কার বলেন, “প্রায় দু’বছর হয়ে গেল ইস্টবেঙ্গলে আছি। একটা স্বপ্ন ছিল। ক্লাব ফুটবলের ইতিহাসে ইস্টবেঙ্গল ভারতের অন্যতম সেরা, ঐতিহ্যশালী ক্লাব। আমি সমর্থকদের কাছে ঋণী। ভাল এবং খারাপ সময়ে ওঁরা পাশে থেকেছেন। আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি।”

অস্কার এই কথাগুলি বলার সময়েই মনে হচ্ছিল তিনি কিছু একটা ঘোষণা করতে চলেছেন। এর পরেই স্পেনীয় কোচ বলেন, “আমি ঘোষণা করতে চাই যে, ৩১ মে, মরসুম শেষ হওয়ার পর আর কোচ থাকতে চাই না। এখনও তিন সপ্তাহ হাতে আছে। নিজের জীবন, ঘাম, সমস্ত পরিশ্রম উজাড় করে দিতে চাই যাতে ইস্টবেঙ্গল সেরা জায়গায় শেষ করতে পারে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ আমার নিজের।”

Advertisement

অস্কার স্পষ্ট করে দিয়েছেন, বেতন, ভারতীয় ফুটবল নিয়ে অনিশ্চয়তা, ক্লাবের পরিচালনা, আইএসএলের অবস্থান— কোনও কিছুই এই সিদ্ধান্তের নেপথ্যে নেই। তিনি বলেন, “অর্থনৈতিক কারণ নয়, ক্লাবের পরিকল্পনার অভাবই এর নেপথ্যে রয়েছে। আমি কোচিং স্টাফদের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছি।”

ইস্টবেঙ্গলের কোচের দাবি, এই মরসুমের পরিকল্পনা করা শুরু করেছিলেন গত বছরের ফেব্রুয়ারি থেকে। একাধিক বার উচ্চারণ করেছেন ইমামি কর্তা বিভাস আগরওয়ালের নাম। অস্কারের দাবি, তিনি ফুটবলের বিষয়গুলি দেখতেন। বিভাস প্রশাসনিক বিষয়। কোন ফুটবলার নেওয়া হবে, কোন জায়গা মজবুত করা হবে, কোথায় কোথায় বাড়তি জোর দিতে হবে সবই বিভাসের সঙ্গে আলোচনা করে করা হয়েছিল।

কী রকম পরিকল্পনার অভাব রয়েছে দলে? অস্কার বলেছেন, “এ বছর দলের যা পারফরম্যান্স হয়েছে তার জন্য আমি দায়ী। এ বছরের পরিকল্পনা গত বছর শুরু করেছিলাম। এখন মে মাস। পরের মরসুম বা ভবিষ্যতের জন্য এখনও কোনও পরিকল্পনা তৈরি হয়নি। কোনও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, দূরদৃষ্টি নেই। দলের খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের কেউ কথা বলেনি।”

তাঁর এই ঘোষণার পর কি ক্লাবের পারফরম্যান্সে কোনও প্রভাব পড়বে? অস্কারের জবাব, “ঠিক এর উল্টোটা হবে। আমাদের সব খেলোয়াড়ই অনিশ্চয়তার মধ্যে ভুগছে। ওরা জানেই না পরের মরসুমে কী হবে। আর তো মাত্র এক মাস বাকি। ওরা জানেই না ক্লাবে থাকবে কি না। কেউ ওদের সঙ্গে কথাই বলেনি। তবে ফুটবলারদের রাতের ঘুম উড়ে যাচ্ছে না। আপাতত বাকি চারটে ম্যাচ নিয়েই ভাবছে ওরা।”

অস্কার জানিয়েছেন, পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে এখন কোনও কথা বলবেন না। তবে মরসুমে শেষ ম্যাচে তিনি অনেক কথা প্রকাশ্যে আনবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement