এডমুন্ড লালরিনডিকা। —ছবি : সংগৃহীত
আইএসএলের ডার্বিতে ৮৫ মিনিটে তিনিই এগিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গলকে। গোলের পরে জার্সি খুলে উৎসব করতে গিয়ে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন এডমুন্ড লালরিনডিকা। ৯০ মিনিটে জেসন কামিংস সমতা ফেরান। সংযুক্ত সময়ে লাল কার্ড (দ্বিতীয় হলুদ) দেখায় ইন্টার কাশীর বিরুদ্ধে শেষ ম্যাচে এডমুন্ড খেলতে পারবেন না। মশালবাহিনী যদিও আশা ছাড়তে নারাজ। সূত্রের খবর, সোমবারই এডমুন্ডের শাস্তি কমানোর জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্গলারক্ষা কমিটির কাছে আবেদন করেছে ইস্টবেঙ্গল।
চলতি আইএসএলে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন মিগুয়েল ফিগুয়েরা। ইস্টবেঙ্গলের আবেদনের ভিত্তিতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগেই ব্রাজিলীয় মিডফিল্ডারের নির্বাসন তুলে নিয়েছিল শৃঙ্খলারক্ষা কমিটি। সেই পথে হেঁটেই এডমুন্ডের শাস্তি মকুবের আর্জি জানাল মশালবাহিনী। ওয়াকিবহাল মহলের মতে এডমুন্ডের শাস্তি কমার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। কারণ, চলতি মরসুমে ক্লাবগুলির আবেদনের ভিত্তিতে একাধিক ফুটবলারের শাস্তি প্রত্যাহার করেছে ফেডারেশন।
বিপিন সিংহকে নিয়ে উদ্বেগ অনেকটা দূর হয়েছে লাল-হলুদ শিবিরে। রবিবার ডার্বি শেষ হওয়ার পরেই প্রচণ্ড গরমে মাঠেই লুটিয়ে পড়েছিলেন বিপিন। খোঁজ নিয়ে জানা গিয়েছে, সুস্থ আছেন বিপিন। সব ঠিক থাকলে আজ, মঙ্গলবার থেকে কাশীর ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়বেন বিপিন। এ দিকে কিশোর ভারতী স্টেডিয়ামে দর্শকাসন কম হওয়ায় ইস্টবেঙ্গল মাঠে ‘জায়ান্ট স্ক্রিনে’ খেলা দেখানো হবে।
ইস্টবেঙ্গলে যখন এডমুন্ড এবং বিপিনকে নিয়ে স্বস্তির হাওয়া, তখন মোহনবাগানে অস্বস্তির চোরাস্রোত। ডার্বিতে চতুর্থ হলুদ কার্ড দেখায় এসসি দিল্লির বিরুদ্ধে খেলতে পারবেন না রক্ষণের অন্যতম স্তম্ভ আলবার্তো রদ্রিগেস। পাশাপাশি জেসন কামিংসকে পাওয়ার সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। কামিংস অনুশীলনে নামার পরে তাঁর চোটের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আলবার্তো না খেলায় হয়তো টম আলড্রেডের সঙ্গে জুটি বাঁধবেন মেহতাব সিংহ।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে