FIFA World Cup 2026

‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ লিয়োর হাতে ট্রফি দেখতে চান না এই ফুটবলার

ষষ্ঠ বার বিশ্বকাপ খেলতে নেমেছেন লিয়োনেল মেসি। এ বারই শেষ। আরও এক বার চ্যাম্পিয়ন হতে চান তিনি। কিন্তু তাঁর হাতে ট্রফি দেখতে চান না ইংল্যান্ডের এক ফুটবলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৫:৪০
Share:

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

লিয়োনেল মেসি আরও এক বার বিশ্বকাপ জিতুন, এমনটা চান না ইংল্যান্ডের ফুটবলার ড্যান বার্ন। ষষ্ঠ বার বিশ্বকাপ খেলতে নেমেছেন মেসি। এ বারই শেষ। আরও এক বার চ্যাম্পিয়ন হতে চান তিনি। কিন্তু তাঁর হাতে ট্রফি দেখতে চান না বার্ন। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

Advertisement

নিউক্যাসল ইউনাইটেডে খেলা ইংল্যান্ডের এই সেন্টার ব্যাক সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি আশা করছি, মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গত বারের চ্যাম্পিয়ন। এ বারও ওরা অনেক দূর যাবে। কিন্তু আশা করছি, চ্যাম্পিয়ন হতে পারবে না।”

কেন এমন কথা বললেন বার্ন? তাঁর ব্যাখ্যা, “গত বারই মেসি বিশ্বকাপ জিতেছে। ফুটবলের আর কোনও ট্রফি জেতা ওর বাকি নেই। এ বার বাকিদের সুযোগ। আশা করি, ফুটবল দেবতাও চান, এ বার অন্য কোনও দল চ্যাম্পিয়ন হোক। নইলে বিশ্বকাপের মজাটাই চলে যাবে।”

Advertisement

বার্নের এই কথার দু’রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। এক দলের মতে, যা মনে হয়েছে সেটাই বলেছেন বার্ন। প্রত্যেকের মত ভিন্ন। তিনি অন্তত নিজের মনের কথা স্পষ্ট ভাবে বলেছেন। অপর একটি দলের মতে, এখন থেকেই ইউরোপের দেশগুলি আর্জেন্টিনাকে ভয় পেতে শুরু করেছে। এ বারও বিশ্বকাপ জেতার বড় দাবিদার আর্জেন্টিনা। ইংল্যান্ড ৬০ বছর ধরে বিশ্বকাপ জেতেনি। তাই এই সব কথা বলে আর্জেন্টিনার মনোবল কমানোর চেষ্টা করছে তারা।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত বারের বিশ্বকাপের আগেই মেসি জানিয়েছিলেন, সেটি তাঁর শেষ বিশ্বকাপ। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তার পর অবশ্য অবসর ঘোষণা করেননি তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলেছেন। দেশকে আবার বিশ্বকাপে তুলেছেন। তার পরেও মেসির খেলা নিয়ে সংশয় ছিল। শেষপর্যন্ত তিনি খেলছেন। তবে এ বারই শেষ।

মেসির কাছে সুযোগ রয়েছে, বিশ্বের একমাত্র অধিনায়ক হিসাবে পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার। বিশ্বকাপে ১৩ গোল হয়েছে মেসির। আর চারটি গোল করলেই সকলকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন তিনি। প্রস্তুতি ম্যাচে গোল পেয়েছেন মেসি। ছন্দে দেখাচ্ছে তাঁকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

১৭ জুন ভারতীয় সময় ভোর ৬.৩০ মিনিটে আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। ২২ জুন রাত ১০.৩০ মিনিটে অস্ট্রিয়া ও ২৮ জুন সকাল ৭.৩০ মিনিটে জর্ডনের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন মেসিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement