Finalissima 2026

ইরানের নিশানায় কাতার, দোহায় মেসি-ইয়ামালদের ফাইনালিসিমা নিয়ে অনিশ্চয়তা, যুদ্ধ পরিস্থিতির উপর নজর রাখছে ফিফা

পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে ফিফার ফাইনালিসিমা নিয়ে। ২৭ মার্চ দোহায় মুখোমুখি হওয়ার কথা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৭:১৬
Share:

(বাঁ দিকে) লিয়োনেল মেসি এবং লামিনে ইয়ামাল (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানের সঙ্গে আমেরিকা-ইজ়রায়েলের সামরিক সংঘাতে অনিশ্চিত ফাইনালিসিমা। আগামী ২৭ মার্চ দোহায় মুখোমুখি হওয়ার কথা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে লিয়োমেল মেসিদের সঙ্গে লামিনে ইয়ামালদের লড়াই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Advertisement

আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ আক্রমণে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনেইয়ের। প্রতিশোধ নিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। আক্রমণের জন্য ইরান যে দেশগুলিকে বেছে নিয়েছে, তার মধ্যে রয়েছেন কাতারও। গত দু’দিনে দোহাতেও একাধিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন অনির্দিষ্ট সময়ের জন্য দেশের সব ফুটবল প্রতিযোগিতা স্থগিত করে দিয়েছে। স্বভাবতই অনিশ্চয়তা তৈরি হয়েছে আগামী ২৭ মার্চের ফাইনালিসিমা নিয়েও।

গত ফুটবল বিশ্বকাপের আয়োজক ছিল কাতার। ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল এশিয়ার দেশটির আয়োজন। এ বারের ফাইনালিসিমা আয়োজনের দায়িত্বও কাতারকে দিয়েছিল ফিফা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই ম্যাচ নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি ম্যাচের মূল আয়োজক উয়েফা (ইউরোপের ফুটবল সংস্থা) এবং কনমেবল (দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা)। দুই সংস্থাই শুধু জানিয়েছে, ফুটবলার এবং ফুটবলপ্রেমীদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Advertisement

ফাইনালিসিমা স্থগিত করার বা স্থানান্তরিত করার সিদ্ধান্ত হয়নি এখনও। ফিফা, উয়েফা এবং কনমেবল কর্তারা পরিস্থিতির উপর নজর রাখছেন। উল্লেখ্য কাতার ছাড়াও কুয়েত, ইরাক, জর্ডন, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব,ওমান এবং বাহরিনে আমেরিকার সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। ফলে পশ্চিম এশিয়ার অন্য কোনও দেশেও এই সময় ম্যাচ আয়োজনের ঝুঁকি না-ও নিতে পারেন ফুটবল কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement