— প্রতীকী চিত্র।
কলকাতা ফুটবল লিগকে কেন্দ্র করে ময়দানের উন্মাদনার সেই চিরপরিচিত ছবি কি আবার দেখা যাবে? শেষ বিকেলে কি ভরে উঠবে তিন প্রধানের গ্যালারি? সব ঠিক থাকলে এ বার ময়দানে নিজেদের মাঠেই লিগের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট ও মহমেডান স্পোর্টিং।
গত কয়েক বছর ধরে কলকাতা লিগের জনপ্রিয়তা হ্রাসের প্রধান কারণই হল ময়দানে নিয়মিত ম্যাচ না হওয়া। খেলা হত কখনও কল্যাণীতে। কখনও আবার ব্যারাকপুর বা নৈহাটিতে। বছর দশেক আগেও ফুটবলের মরসুমে তিন প্রধানের গ্যালারি ভর্তি থাকত। ময়দান মুখরিত হত ফুটবলপ্রেমীদের উল্লাসধ্বনিতে। লিগের ম্যাচ কলকাতার বাইরে চলে যাওয়ায় সবই ম্লান হয়ে গিয়েছিল। অতীতের সেই উন্মাদনাই এ বার ময়দানে ফেরাতে মরিয়া আইএফএ। বাংলার ফুটবল নিয়ামক সংস্থার সচিব অনির্বাণ দত্ত বললেন, ‘‘তিন প্রধানই নিজেদের মাঠে কলকাতা লিগের ম্যাচ খেলতে আগ্রহী। আমাদের পরিকল্পনা হল ময়দানে সব ম্যাচ নৈশালোকে আয়োজন করা। যাতে অফিস ফেরত ফুটবলপ্রেমীরাও খেলা দেখতে পারেন। ইস্টবেঙ্গল মাঠে বাতিস্তম্ভের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মোহনবাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়ে গিয়েছে। ওরাও নিজেদের মাঠে কলকাতা লিগের ম্যাচ খেলতে আগ্রহী।’’ আর মহমেডান? আইএফএ সচিব বললেন, ‘‘মহমেডান এখনও কিছু জানায়নি। আশা করছি, ওরাও ঘরের মাঠে খেলবে। তবে নিরাপত্তার কারণে ডার্বি ময়দানে আয়োজন করা সম্ভব নয়।’’
কলকাতা লিগের ম্যাচ ময়দান ফেরার সম্ভাবনা উজ্জ্বল হওয়ায় উচ্ছ্বসিত প্রাক্তন ফুটবলাররা। ভাস্কর গঙ্গোপাধ্যায় বলছিলেন, ‘‘ফুটবল শুরু করার পর থেকে একটাই স্বপ্ন দেখতাম, ময়দানে খেলার। শৈশবে পাড়ার দাদাদের সঙ্গে নিয়মিত ময়দানে খেলা দেখতে যেতাম। সেই সময় কলকাতা লিগকে কেন্দ্র করে প্রচণ্ড উন্মাদনা ছিল। অসংখ্য ফুটবলার উঠে এসেছে ময়দান থেকেই। কারণ, ছোট ক্লাবের ফুটলারদের লক্ষ্যই থাকত তিন প্রধানের বিরুদ্ধে ভাল খেলে নজর কাড়া।’’ যোগ করলেন, ‘‘আইএফএ-র ভুল পরিকল্পনায় গত কয়েক বছর ধরে ফুটবলটাই কার্যত হারিয়ে গিয়েছে ময়দান থেকে। আমার মতে, বাঙালি ফুটবলার উঠে না আসার এটাও অন্যতম একটি কারণ।’’ ভাস্করের সঙ্গে একমত প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ও। তিনি বললেন, ‘‘কলকাতা লিগের ম্যাচ বিভিন্ন জেলায় দিয়ে বাংলার ফুটবলের উন্নতি সম্ভব নয়। খেলা হওয়া উচিত ময়দানেই।’’ শিশির ঘোষের কথায়, ‘‘আইএফএ-র পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছি। জেলার ফুটবলারদের স্বপ্ন থাকে কলকাতা ময়দানে নিজেকে প্রমাণ করে বড় দলে খেলার। বাংলার ফুটবলের উন্নতি করতে হলে কলকাতার লিগের খেলা ময়দানে ফেরাতেই হবে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে