ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
রাহুর মহাদশা শুরু হলেই মানুষ আতঙ্কে ভোগেন। দীর্ঘ ১৮ বছর স্থায়ী হয় রাহুর মহাদশা। সাধারণ মানুষের ধারণা অনুযায়ী, রাহু-কেতুর দশা মানেই ভয়ঙ্কর এবং সব কিছু অশুভ ঘটবে। প্রথমেই বলা দরকার, শুভ গ্রহের দশাকাল মানেই ভাল কাটবে, সব শুভ হবে আর অশুভ গ্রহের দশাকাল মানেই সব অশুভ হবে তেমন না। রাহুর দশা বা অন্তঃদশা মানেই সব কিছু অশুভ হবে তা একবারেই নয়। অন্যান্য গ্রহের দশাকালে যেমন শুভ এবং অশুভ ফলপ্রাপ্তি হয়, রাহুর দশাকালও তেমনই। কারও ক্ষেত্রে রাহু মারাত্মক শুভ ফল দিতে পারে, কারও ক্ষেত্রে মারাত্মক অশুভ ফল দিতে পারে।
রাহু ছায়াগ্রহ। জ্যোর্তিবিজ্ঞানের ভাষায় এটি গাণিতিক বিন্দু বা নোড। অন্যান্য গ্রহের মতো শারীরিক অস্তিত্ব না থাকলেও, নির্দিষ্ট গাণিতিক বিন্দুর (রাহু বিন্দুর) জ্যোতিষশাস্ত্রে ভীষণ প্রভাব থাকার কারণে মুনি-ঋষিগণ অন্যান্য গ্রহের মতো রাহুরও ১৮ বছর মহাদশা বরাদ্দ করেছেন। রাশিচক্রে রাহুর নিজস্ব কোনও স্থান নেই। তবে বৃষ বা মিথুনে রাহু অবস্থান করলে সাধারণত শক্তিশালী অবস্থান ভাবা হয়।
কোনও গ্রহের দশাকাল এবং অন্তঃদশা কাল এবং প্রত্যন্ত দশাকাল কেমন কাটবে তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। যেমন, ব্যক্তির রাশি বা লগ্ন কী, দশা বা অন্তঃদশা বা প্রত্যন্ত দশা গ্রহ কোন স্থানের অধিপতি, লগ্নপতির সঙ্গে দশা গ্রহের সম্পর্ক কেমন, দশাপতি গ্রহের অবস্থান এবং কতটা বলশালী ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। রাহুর ক্ষেত্রেও এই সমস্ত বিষয় বিচার করা জরুরি।
রাহু যাঁদের শুভ, তাঁদের ক্ষেত্রেও যে রাহুর মহাদশার ১৮ বছরের সব সময় ভাল কাটবে তা মোটেই না। রাহুর মহাদশায় ৯টি গ্রহের অন্তঃদশা চলবে। কোনও ব্যক্তির ৯টি গ্রহই শুভ বা সুফলদাতা হয় না। কিছু গ্রহ শুভ, কিছু গ্রহ অশুভ। রাহুর মহাদশায় নির্দিষ্ট ব্যক্তির অশুভ গ্রহের অন্তঃদশা যখন চলবে, তখন অশুভ ফলপ্রাপ্তি হবে অথবা শুভ প্রভাবের ব্যাঘাত বা হ্রাস ঘটবে।
রাহু যাঁদের অশুভ, তাঁদের ক্ষেত্রেও যে রাহুর মহাদশার ১৮ বছরের সব সময় খারাপ বা অশুভ কাটবে তা-ও না। রাহুর মহাদশায় নির্দিষ্ট ব্যক্তির শুভ গ্রহের অন্তঃদশায় বিশেষত লগ্নপতি, নবমপতি, কখনও কখনও পঞ্চমপতির অন্তঃদশা কালে নিশ্চিত শুভ ফলপ্রাপ্তি হবে অথবা অশুভ ফলের হ্রাস বা নাশ হবে। তবে অন্তঃদশাপতি কতটা বলবান তার উপর অনেকটা নির্ভরশীল।