বিতর্কে বিশ্বকাপের ‘ভার’ প্রযুক্তি। ছবি: রয়টার্স।
সুইৎজ়ারল্যান্ড-কাতার ম্যাচে বিতর্কের কেন্দ্রে ‘ভার’ প্রযুক্তি। রেফারিদের সিদ্ধান্ত নির্ভুল করার জন্য প্রযুক্তির ব্যবহার ব্যাপক বাড়িয়েছে ফিফা। তা-ও বিশ্বকাপের শুরুতেই প্রশ্নের মুখে প্রযুক্তি। ‘ভার’-এর ব্যবহার নিয়ে সমালোচনা শুরু হওয়ায় মুখ খুলতে বাধ্য হল ফিফা।
কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ১৪ মিনিটে সুইৎজ়ারল্যান্ডের রিমো ফ্রিউলারকে ফাউল করেন। ‘ভার’ দেখে রেফারি পেনাল্টি দেন। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, ফাউলের আগে থেকেই ফ্রিউলার অফসাইডে ছিলেন। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের দাবি, ফ্রিউলার আগে থেকে অফসাইডে থাকায় তাঁকে ট্যাকল করলে কোনও ভাবেই পেনাল্টি হতে পারে না। আগেই অফসাইডের পতাকা তোলা উচিত ছিল সহকারী রেফারির। তাঁদের কেউ কেউ বলেন, ফিফার কাছে প্রযুক্তি রয়েছে। আসল ছবিটা প্রকাশ করা উচিত।
সমালোচনার প্রেক্ষিতে বিবৃতি দিতে হয়েছে ফিফাকে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থাও দায়ী করেছে প্রযুক্তিগত ত্রুটিকে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সুইৎজ়ারল্যান্ড-কাতার ম্যাচে কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছে। ঘটনার গ্রাফিক তৈরি হওয়ার আগেই পেনাল্টি দেওয়া হয়। দ্রুত সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে। তবে গ্রাফিকের সমস্যার জন্য ‘ভার’-এর কোনও সমস্যা হয়নি। ‘ভার’ পরীক্ষা করে দেখেছে সংশ্লিষ্ট ফুটবলার অফসাইডে ছিলেন কিনা। যে ফুটবলারের কাছে বল ছিল, তাঁর অবস্থানও খুঁটিয়ে দেখা হয়েছে। তার পর পেনাল্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
প্রযুক্তিগত সমস্যার কথা মানলেও পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে সরাসরি কিছু বলেনি ফিফা। কিন্তু এত প্রযুক্তির ব্যবস্থা থাকার পরও কেন আসল সময় তা কাজে লাগছে না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।