FIFA Club World Cup

ইন্টারকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটে ব্রাজিলের দল, সৌদির আল হিলালের কাছে হার ম্যান সিটির

ইন্টার মিলানকে হারিয়েছে ব্রাজিলের ফ্লুমিনেন্স। পামেইরাসের পর ব্রাজিলের দ্বিতীয় ক্লাব হিসাবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে তারা। অপর ম্যাচে আল হিলাল হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১০:১৮
Share:

হারের ধাক্কায় হতাশ ম্য়াঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স।

ক্লাব বিশ্বকাপে একদিনে জোড়া অঘটন। ইটালির ইন্টার মিলানকে হারিয়ে দিয়েছে ব্রাজিলের ফ্লুমিনেন্স। পামেইরাসের পর ব্রাজিলের দ্বিতীয় ক্লাব হিসাবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। অপর ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলাল হারিয়ে দিয়েছে ইংল্যান্ডের শক্তিশালী ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিকে। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্লুমিনেন্স ও আল হিলাল।

Advertisement

ইন্টারের বিরুদ্ধে খেলা শুরুর ৩ মিনিটের মাথায় এগিয়ে যায় ফ্লুমিনেন্স। গোল করেন জার্মান কানো। ইন্টার তাদের প্রথম দলই নামিয়েছিল। লাউতারো মার্তিনেস, থুরামের মতো ফুটবলারেরাও সমতা ফেরাতে পারেননি। খেলা যত গড়াচ্ছিল তত চাপ বাড়ছিল ইটালির ক্লাবের উপর। কোনও রকমে একটা গোল করার চেষ্টা করছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ফ্লুনিনেন্সের হারকিউলিসের গোল ইন্টারের সব আশায় জল ঢেলে দেয়। ২-০ জিতে মাঠ ছাড়ে ফ্লুমিনেন্স।

ব্রাজিলের ক্লাবের অধিনায়ক ৪০ বছর বয়সি থিয়াগো সিলভা। এক সময়ে চেলসি, পিএসজি-র মতো ক্লাবে খেলেছেন তিনি। ব্রাজিলেরও অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বাধীন রক্ষণকে ভাঙতে পারেননি ইন্টারের ফুটবলারেরা।

Advertisement

অপর ম্যাচে ফয়সালা হয় অতিরিক্ত সময়ে। এই প্রথম বার ম্যাঞ্চেস্টার সিটি ও আল হিলাল একে অপরের বিরুদ্ধে খেলেছে। ৯ মিনিটের মাথায় বের্নার্দো সিলভা এগিয়ে দেন পেপ গুয়ার্দিওলার সিটিকে। প্রথমার্ধে আর গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে যে এত নাটক রয়েছে তা তখন বোঝা যায়নি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর এক মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান মার্কোস লিওনার্দো। ৫২ মিনিটে আল হিলালকে এগিয়ে দেন ম্যালকম। তিন মিনিট পর সিটির হয়ে সমতা ফেরান আর্লিং হালান্ড। ন’মিনিটের মধ্যে তিনটে গোলে খেলার ছবি বদলে যায়। ২-২ গোলে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।

Advertisement

অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটের মাথায় কালিদু কৌলিবালির গোলে এগোয় সৌদি প্রো লিগের সবচেয়ে সফল দল। যদিও তার পরেও জয় আসেনি। ১০৪ মিনিটে ফিল ফডেনের গোলে সমতা ফেরায় সিটি। দেখে মনে হচ্ছিল, টাইব্রেকারেই খেলার ফয়সালা হবে। কিন্তু ১১২ মিনিটের মাথায় সিটির রক্ষণের ভুলে নিজের দ্বিতীয় গোল করেন লিওনার্দো। আর ফিরতে পারেনি ম্যান সিটি। ৩-৪ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

এই দুই ম্যাচের পর ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ছ’টি দল ঠিক হয়ে গিয়েছে। সেখানে ব্রাজিলের পামেইরাস ও ফ্লুমিনেন্স, ফ্রান্সের প্যারিস সঁ জরমঁ, জার্মানির বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ডের চেলসি ও সৌদি আরবের আল হিলাল জায়গা করে নিয়েছে। এখন দেখার, বাকি দুই দল হিসাবে কারা শেষ আটে ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement