মহমেডান স্পোর্টিং ক্লাব। ফাইল চিত্র।
আইএসএলে অবনমনের অশনি সঙ্কেতের মধ্যেই অগ্নিগর্ভ মহমেডান স্পোর্টিংয়ের অন্দরমহল। বতেন বকেয়া থাকায় অনুশীলন বয়কট করলেন ফুটবলারেরা।
আইএসএলে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ম্যাচের পরে ফুটবলারদের ছুটি দিয়েছিলেন দলের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। ঠিক ছিল ১ মে থেকে ফের অনুশীলন শুরু করবেন। মহমেডানের পরের ম্যাচ আগামী ১০ মে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। কিন্তু অবনমন বাঁচাতে মরিয়া মেহরাজের পরিকল্পনা ছিল সময় নষ্ট না করে দ্রুত প্রস্তুতি শুরু করা। মহমেডান কোচের নিজের বেতনও দীর্ঘদিন বকেয়া রয়েছে।হতাশ মেহরাজ বলেছেন, ‘‘সকলেরই বেতন বকেয়া আছে। কেউ তিন মাস পায়নি। কারও পাঁচ মাস বাকি। কেউ কেউ আবার তার বেশি বেতন পায়নি। আমারও বেতন বাকি রয়েছে। কত মাসের বকেয়া রয়েছে মনেও করতে পারছি না।” মহমেডানের ফুটবলাররা কবে বেতন পাবেন? মেহরাজের আশা, ৪ মে-র মধ্যে বেতনের কিছুটা অংশ হয়তো দেওয়া হবে। তারপর অনুশীলনে ফিরতে পারেন ফুটবলাররা। গোলরক্ষক কোচ শুভাশিস রায়চৌধুরী বলছেন, ক্লাবের কর্মকর্তারা কেউ মাঠে না আসায় পরিস্থিতি আরও খারাপ হল। তাঁদের উচিত ছিল কথা বলে সমস্যার সমাধান করা।
চলতি আইএসএলে টানা সাতটি ম্যাচে হারের পরে ড্র করেছিল মহমেডান। ১০ ম্যাচ থেকে মাত্র তিন পয়েন্ট অর্জন করে সব দলের শেষেই রয়েছে কলকাতার শতাব্দীপ্রাচীন ক্লাব। মেহরাজের আক্ষেপ, কিছুটা ছন্দে ফিরেছিল দল। এখন অনুশীলন করতে না পারলে তা নষ্ট হয়ে যাবে। অবশ্য বকেয়া বেতনের দাবিতে মহমেডানে ফুটবলারদের বিদ্রোহের ঘটনা নতুন নয়। গত মরসুমেও ঘটেছিল। বিদেশি কোচ ও ফুটবলারেরা ফিফার দ্বারস্থ হন। বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা ফুটবলার নেওয়ার ক্ষেত্রে নির্বাসিত করায় কোনও বিদেশি নেই দলে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে