ইরানের ফুটবল দল। —ফাইল চিত্র।
আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ইরানকে গ্রুপের সব ম্যাচ খেলতে হবে আমেরিকার মাটিতে। অথচ ইরানের কোনও ফুটবলার বা সাপোর্ট স্টাফের ভিসার আবেদন মঞ্জুর করেনি আমেরিকা। ফলে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ কানাডার ভিসার জন্যও আবেদন করেছে ইরান।
ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শিবির আগেই মেক্সিকোয় সরিয়ে নিয়ে গিয়েছে ইরান। তুরস্কর শিবির শেষ হলে মেক্সিকোয় যাওয়ার কথা দলের। সেখান থেকেই আমেরিকায় যাতায়াত করে বিশ্বকাপের গ্রুপের ম্যাচগুলি খেলবে ইরান। তুরস্ক থেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করা হয়েছে। তবে এখনও ইরানের কোনও ফুটবলার বা সাপোর্ট স্টাফের ভিসার আবেদন মঞ্জুর করেনি আমেরিকা। যা নিয়ে কিছুটা অসন্তুষ্ট ইরানের ফুটবল কর্তারা।
ইরানের জাতীয় ফুটবল দলের মুখপাত্র আবুলফজ়ল বলেছেন, ‘‘আমেরিকায় একাধিকবার প্রবেশ করা যাবে, এমন ভিসা চাওয়া হয়েছে। কারণ ইরানের ফুটবলারের মেক্সিকোয় থাকবে। সেখান থেকে আমেরিকায় খেলতে যাবে। এ জন্য বার বার তাদের আমেরিকায় ঢুকতে হবে এবং বেরোতে হবে।’’ ইরানের ফুটবল সংস্থা জানিয়েছে, তুরস্কের শিবির থেকেই কয়েক জন ফুটবলার এবং সাপোর্ট স্টাফ ভিসার জন্য সাক্ষাৎকার দিয়ে এসেছেন। যাঁরা আগে আবেদন করতে পারেননি, তাঁরা সকলে আবেদন করেছেন তুরস্ক থেকেই।
আমেরিকার আচরণে ক্ষুব্ধ আবুলফজ়ল আরও বলেছেন, ‘‘আমরা জানি না আমেরিকা আমাদের ফুটবলারদের ভিসা দেবে কিনা। এ টুকু বলতে পারি আমরা বিশ্বকাপে বাকিদের মতো সমান সুযোগ পাচ্ছি না। আমাদের দলের জন্য যে রকম প্রস্তুতির কথা ভাবা হয়েছিল, সেটাও করা যায়নি।’’
আমেরিকার ভিসা নিয়ে জটিলতার মধ্যেই কানাডার ভিসার জন্য আবেদন জানিয়েছে ইরান। যদিও তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলতে হবে আমেরিকার মাটিতেই। তা হলে কেন কানাডার ভিসার আবেদন করা হল? ইরানের এক ফুটবল কর্তা জানিয়েছেন, দল দ্বিতীয় রাউন্ডে উঠলে কানাডায় খেলতে যেতে হতে পারে। তাই সে দেশের ভিসার আবেদনও করা হয়েছে।