FIFA World Cup 2026

বিশ্বকাপ ফুটবল বয়কট করছে ইরান! আমেরিকায় খেলবে না, ঘোষণা সে দেশের ক্রীড়ামন্ত্রীর, তিন মাস আগে জট ফুটবলবিশ্বে

বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়ে দিলেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির জেরে আমেরিকায় তাদের বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। ফলে একটি দেশের সংখ্যা কমে গেল বিশ্বকাপে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ২০:০৪
Share:

ফুটবল বিশ্বকাপের ট্রফি। — ফাইল চিত্র।

আমেরিকায় ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসও বাকি নেই। তার আগে বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়ে দিলেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির জেরে আমেরিকায় তাদের বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। ফলে একটি দেশের সংখ্যা কমে গেল বিশ্বকাপে। ফিফা এখনও আনুষ্ঠানিক ভাবে এ ব্যাপারে মুখ খোলেনি।

Advertisement

বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি একটি সাক্ষাৎকারে বলেন, “এই দুর্নীতিগ্রস্ত শাসক আমাদের নেতাকে হত্যা করেছে। সেটা মাথায় রেখে কোনও পরিস্থিতিতেই আমরা বিশ্বকাপে খেলতে যাব না। আমাদের শিশুরা নিরাপদ নয়। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে বিশ্বকাপ খেলার কথা মাথায় রাখাই উচিত নয়।”

তিনি আরও বলেছেন, “ওরা ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব দেখিয়েছে। গত আট-ন’মাসে দু’বার আমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাই ওই দেশে আমাদের উপস্থিত থাকার কোনও দরকার নেই।” ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আল খামেনেইয়ের হত্যাকে তুলে ধরেছেন আহমদ।

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে দু’জনের। পাশাপাশি ইরানের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, বিশ্বকাপে খেলতে আসার জন্য আমেরিকা স্বাগত জানাবে ইরানকে।” ঠিক তার পর দিনই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ইরান।

উল্লেখ্য, ইরান যে খেলবে না তার আঁচ পাওয়া গিয়েছিল কিছু দিন আগেই। গত ১ মার্চ ইরানের ফুটবল সংস্থার মুখ্যকর্তা মেহদি তাজি জানিয়েছিলেন, পরিস্থিতি যা তাতে আমেরিকায় গিয়ে ইরানের বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুবই কম। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত চ্যানেলে মেহদি বলেছিলেন, “আমেরিকার আক্রমণের পর ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ করার সম্ভাবনা খুবই কম। তবে এই সিদ্ধান্ত নেবেন ক্রীড়াকর্তারাই।”

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এশিয়ার যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এ-তে জয়ী দল হিসাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইরান। তাদের তিনটি ম্যাচই হত আমেরিকার মাটিতে। ১৫ এবং ২১ জুন তারা খেলত লস অ্যাঞ্জেলেসে, যথাক্রমে নিউ জ়িল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে। ২৬ জুন মিশরের বিরুদ্ধে ম্যাচ ছিল সিয়াটলে।

গত ৪ মার্চ ট্রাম্প জানিয়েছিলেন, ইরান বিশ্বকাপে খেলল কি না, তা নিয়ে পাত্তাই দিতে রাজি নন। ‘পলিটিকো’কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল ইরানের খেলা নিয়ে। তিনি বলেন, “আমার কোনও যায়ই আসে না। আমার মনে হয় ইরান খুব খারাপ ভাবে হেরে যাওয়া একটা দেশ। ওদের সব শক্তি শেষ হয়ে গিয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement