Indian Football Team

ভারতীয় ফুটবল দলের হাস্যকর লক্ষ্য! জামাইকার কাছে হেরে চার দলের প্রতিযোগিতায় তৃতীয় স্থানের লড়াইয়ে খালিদের ছেলেরা

ইউনিটি কাপ ফুটবল প্রতিযোগিতায় জামাইকার কাছে ০-২ গোলে হারল ভারত। ফলে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৪:১৪
Share:

ভারত-জামাইকা ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এক্স।

চার দলের প্রতিযোগিতায় ভারতের সামনে সুযোগ তৃতীয় হওয়ার। অবশ্য তা না-ও হতে পারে। সকলের শেষে থাকতে পারেন খালিদ জামিলের ছেলেরা। আন্তর্জাতিক ফুটবলে ভারতের কী হাল, তা বার বার প্রকাশ্যে আসছে। ক্রমশ নীচে নামছে তারা। তাতে আরও সম্মানহানি হচ্ছে। পরিস্থিতি আরও হাস্যকর হয়ে উঠছে।

Advertisement

ফুটবলে আবার হার ভারতের। ইউনিটি কাপ ফুটবল প্রতিযোগিতায় জামাইকার কাছে ০-২ গোলে হারল ভারত। ফলে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে তারা। ফাইনালে নাইজিরিয়ার সামনে জামাইকা। গত বছরও এই দুই দল ফাইনাল খেলেছিল।

লন্ডনে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। এই বারই প্রথম এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছিল ভারত। চার দেশীয় প্রতিযোগিতায় দু’টি ম্যাচ হয়। যে দুই দল জেতে তারা সরাসরি ফাইনাল খেলে। বাকি দুই দল তৃতীয় স্থান দখলের খেলায় নামে। অপর ম্যাচে জ়িম্বাবোয়েকে হারিয়ে ফাইনালে উঠেছে নাইজিরিয়া। গত বারের চ্যাম্পিয়ন তারা। এ বারও চ্যাম্পিয়নের মতো খেলছে ফুটবল বিশ্বকাপে বেশ কয়েক বার খেলা এই দেশ।

Advertisement

২০০২ সালের পর এই প্রথম লন্ডনে কোনও ম্যাচ খেলতে নেমেছিল ভারত। কিন্তু হতাশ করলেন খালিদ জামিলের ছেলেরা। ম্যাচের ৮ মিনিটের মাথায় জামাইকাকে এগিয়ে দেন কোর্টনি ক্লার্ক। প্রথম শট গুরপ্রীত সিংহ সান্ধু বাঁচিয়ে দিলেও বল করতে পারেননি ভারতের ডিফেন্ডারেরা। তার সুযোগ নিয়ে গোল করেন ক্লার্ক।

ফিফা ক্রমতালিকায় ৭১ নম্বরে থাকা জামাইকার কাছে ১৩৬ নম্বরে থাকা ভারত যে সমস্যায় পড়বে তা বোঝা যাচ্ছিল। ১৭ মিনিটের মাথায় প্রায় গোল করে ফেলেছিসেন কাহেম ডিক্সন। কোনও রকমে পতন রোধ করেন গুরপ্রীত। ৩০ মিনিটের পর ধীরে ধীরে খেলায় ফেরে ভারত। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে সব আক্রমণ নষ্ট হচ্ছিল। ভারতের আক্রমণ ভাগের তিন ফুটবলার রায়ান উইলিয়ামস, লালিয়ানজুয়ালা ঠাংতে ও এডমুন্ড লালরিন্ডিকা প্রভাব ফেলতে পারছিলেন না।

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় ভাল সুযোগ পায় ভারত। জামাইকার রক্ষণ ও গোলরক্ষকের ভুলে রোশন বল পান। তাঁর পাস ধরে বক্সে বল বাড়ান রহিম আলি। গোল করেন ছাংতে। কিন্তু বল ধরার আগে অফসাইডে ছিলেন রহিম। ফলে গোল বাতিল হয়। এই সুযোগ নষ্টের পর ভারতের খেলায় কিছুটা ঝাঁজ দেখা যায়। বেশ কয়েকটি আক্রমণ তুলে আনে তারা।

কিন্তু ৭৮ মিনিটের মাথায় ডিক্সন জামাইকাকে ২-০ গোলে এগিয়ে দেন। তার পর আর ফিরতে পারেনি ভারত। হেরে মাঠ ছাড়ে তারা। তৃতীয় স্থান দখলের খেলায় ১৩০ নম্বরে থাকা জ়িম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারত। এখন দেখার, সেই ম্যাচ জিতে তারা ফিরতে পারে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement