FIFA World Cup 2026

মেসিকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার, রোনাল্ডোর নজির ছুঁয়ে ফেললেন লিয়ো, চমকের পথে হাঁটলেন না স্কালোনি

ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় মাঠ ছেড়ে ছিলেন লিয়োনেল মেসি। গত ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ১৮ মিনিট মাঠে ছিলেন। তাতে মেসির বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয় জল্পনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১২:০৬
Share:

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা। গত বারের চ্যাম্পিয়নেরা দল ঘোষণা করতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বরেকর্ড স্পর্শ করলেন লিয়োনেল মেসি। এলএম টেনের নেতৃত্বেই ট্রফি ধরে রাখার লড়াই করবে লাতিন আমেরিকার দেশটি।

Advertisement

ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় মাঠ ছেড়ে ছিলেন মেসি। গত ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ১৮ মিনিট মাঠে ছিলেন তিনি। সেই ঘটনার পর মেসির বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। শেষ পর্যন্ত তাঁকে রেখেই ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। মেসির চোট গুরুতর নয়। বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবেন তিনি। দল নির্বাচনে বিশেষ পরীক্ষার পথে হাঁটেননি তিনি। সম্ভাব্য সকলকে দলে রেখেছেন বিশ্বজয়ী কোচ।

কাতারে যে দল আর্জেন্টিনাকে তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন করেছিল, সেই দলের অধিকাংশ ফুটবলারই রয়েছেন এ বারের দলে। স্কালোনির দলে জায়গা হয়নি মার্কোস আকুনার। ফর্মে না থাকায় রিভার প্লেটেও নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না তিনি। তাই তাঁর বাদ পড়ায় তেমন বিস্ময় নেই। সব পজিশনেই বিকল্প ফুটবলার রেখে দল নির্বাচন করেছেন স্কালোনি। যাতে কার্ড বা চোটের জন্য সমস্যায় পড়তে না হয়। দলে রাখা হয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার জিয়োভানি লো সেলসোকে। চোটের জন্য কাতার বিশ্বকাপে খেলতে পারেননি তিনি।

Advertisement

মেসি এই নিয়ে টানা ছ’টি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবেন। রোনাল্ডোও টানা ছ’টি বিশ্বকাপ খেলবেন। পর্তুগাল দল ঘোষণা করায় রোনাল্ডো বিশ্বরেকর্ড করেছিলেন। রেকর্ড টানা ছ’টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে। আর্জেন্টিনা দল ঘোষণা করার পর সিআর সেভেনের নজির ছুঁয়ে ফেললেন মেসি।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো। ডিফেন্ডার: লিয়োনার্দো বলের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ানো রোমেরো, নিকোলাস ওটামেন্দি, ফ্যাকুন্ডো মেদিনা, নাহুয়েল মোলিনা। মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারাদেস, রদ্রিগো ডি’পল, ভ্যালেন্টিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ়। ফরোয়ার্ড: জুলিয়ান আলভারেজ়, লিয়োনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ়, থিয়াগো আলমাদা, গিলিয়ানো সিমিয়োনে, নিকোলাস পাজ়, হোসে ম্যানুয়েল লোপেজ়, লাউতারো মার্টিনেজ়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement