Advocate General

নতুন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করল রাজ্য সরকার! রাজ্যপালের হয়ে সওয়াল করা আইনজীবীকে দায়িত্ব

দিন কয়েক আগে দু’জন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেছিল রাজ্য। আইনজীবী রাজদীপ মজুমদার এবং আইনজীবী বিল্বদল ভট্টাচার্যকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল করা হয়। এ বার নিয়োগ করা হল অ্যাডভোকেট জেনারেল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ২১:০৯
Share:

রাজ্যের নতুন অ্য়াডভোকেট জেনারেল নিয়োগ করল সরকার। — ফাইল চিত্র।

রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল (এজি) হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র। কিশোর দত্ত পদত্যাগ করার পর থেকেই এই পদ শূন্য ছিল। অবশেষে ওই পদে নিয়োগ করল রাজ্য সরকার।

Advertisement

১৯৮৩ সালের মার্চ মাস থেকে আইন পেশার সঙ্গে যুক্ত সুরজিৎ। বর্তমানে তিনি কলকাতা হাই কোর্টে মূলত সিভিল এবং বাণিজ্যিক কমার্শিয়াল আইন সংক্রান্ত মামলায় আইনজীবী হিসাবে সওয়াল করেন। এ ছাড়াও, বিভিন্ন কর্পোরেট সংস্থার হয়ে মামলা লড়েছেন তিনি। ২০২৩ সালে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলায় তিনি রাজ্যপাল তথা আচার্যের (চ্যান্সেলর) পক্ষে সওয়াল করেছিলেন আদালতে। এ বার সেই আইনজীবীকেই রাজ্যের এজি হিসাবে নিয়োগ করা হল।

এর আগে, দু’জন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেছিল রাজ্য। আইনজীবী রাজদীপ মজুমদার এবং আইনজীবী বিল্বদল ভট্টাচার্যকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল করা হয়। এ ছাড়াও, পাবলিক প্রসিকিউটর হিসাবে আইনজীবী কল্লোল মণ্ডলকে নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার।

Advertisement

রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক স্তরের অনেক বদল ঘটেছে। আগের সরকারের আমলে উচ্চপদে কর্মরত অনেকে পদত্যাগও করেছেন। শুরু হয়েছে নতুন নিয়োগও। সেই ধারা বজায় রেখেই নিয়োগ হল রাজ্যের নতুন এজি।

অনেকেই মনে করেন, ক্ষমতার হাতবদল হলে সরকারের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। রাজ্যের যে মামলাগুলি আদালতে বিচারাধীন, সেগুলির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি বদলাতে পারে নতুন সরকারের। তা ছাড়া, নতুন সরকারের নতুন নীতি থাকে। তা মেনে কাজ করতে হয় অ্যাডভোকেট জেনারেলকে। সেই যুক্তিতে বিধিবদ্ধ নিয়ম না-থাকলেও সাধারণত সরকার বদলালে অ্যাডভোকেট জেনারেলরা পদত্যাগ করেন। চলতি মাসের ৫ তারিখ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কিশোর। এ বার সেই পদে সুরজিৎকে নিয়োগ করল শুভেন্দু অধিকারীর সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement